ড. ইউনূস ইস্যুতে সরকারকে কেউ ইন্ধন দিচ্ছে: ড. কামাল
গণফোরামের সভাপতি বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, গ্রামীণ ব্যাংক ইস্যুতে ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে সরকারকে পেছন থেকে কোনো শক্তি ইন্ধন দিচ্ছে। এ কারণে সরকার চলমান জটিলতা সমাধানে এগিয়ে আসছে না। তবে তাঁর প্রতি অন্যায় চলতে থাকলে বাংলার মানুষ প্র্রতিবাদ করবে। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ: আমাদের শঙ্কা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।নোবেল বিজয়ী ইউনূস সুহূদ-চট্টগ্রাম এর আয়োজন করে। মুহাম্মদ সিকান্দর খানের সভাপতিত্বে সভায় আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কলামিস্ট আসিফ নজরুল, সাংবাদিক সাদেক খান, সাবেক সচিব মুনিরুজ্জামান, ব্যাংকার এ কে কোরেশী, সুলতান মাহমুদ, ফজলুল করিম, ফারুক ই আজম (বীর প্রতীক) প্রমুখ। কামাল হোসেন সরকারের সমালোচনা করে বলেন, ‘পাকিস্তান আমলে আমরা যত অন্যায় দেখেছি, তার প্রতিবাদ করেছি। শক্তি সঞ্চয় করেছি এবং বিজয়ী হয়েছি। ইউনূসের বেলায়ও এর কোনো ব্যত্যয় ঘটবে না।’ তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ড. ইউনূসের আদালতে যাওয়ার কোনো এখতিয়ার নেই। কিন্তু আমি বলেছি, দেশের সাধারণ নাগরিক হিসেবে তিনি আদালতে যেতে পারেন।’কামাল হোসেন আরও বলেন, ‘আমরা আশা করেছি, আইনের মাধ্যমে ড. ইউনূসের বিষয়টি মীমাংসা হবে। কিন্তু সরকারের আচার-আচরণ দেখে মনে হচ্ছে, পেছন থেকে কোনো শক্তি ইন্ধন দিচ্ছে বলে এর সমাধানে এগিয়ে আসছে না তারা।’ ড. কামাল নোবেল পুরস্কার নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার জবাবে বলেন, নোবেল পুরস্কার না পেলেও কর্মজীবনই ড. ইউনূসকে সার্থক করে তুলত। আজ যখন তাঁর বিপুল কর্মযজ্ঞের স্বীকৃতি হিসেবে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তখন তা নিয়ে অহেতুক সমালোচনা করা উচিত নয়। গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে কামাল হোসেন বলেন, ‘ড. ইউনূসের অর্জন মানে আমাদের অর্জন। আসুন আমরা আমাদের এই অর্জনকে রক্ষা করি।’আলোচনা সভায় সর্বসম্মতভাবে গৃহীত প্রস্তাবে বলা হয়, গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড এবং এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা জাতীয় অর্থনীতির ক্ষেত্রে এমন কোনো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেনি, যার জন্য একটি কমিশন গঠন করে তড়িঘড়ি কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হতে পারে। এই পদক্ষেপ ব্যাংকটিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চক্রান্তের অংশ।