ড. ইউনূস ও ক্ষুদ্রঋণ নিয়ে সমালোচনা প্রধানমন্ত্রীর
গ্রামীণ ব্যাংক ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পদ্মা সেতু বন্ধ করার জন্য হিলারি ক্লিনটনকে দিয়ে বিশ্বব্যাংককে ফোন করিয়েছিলেন ড. ইউনূস। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের প্রথম সিদ্ধান্তটি সংস্থাটির নিজস্ব সিদ্ধান্ত ছিল না।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। সভায় অংশ নেওয়া একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্রঋণের ফাঁদে আটকে যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। দারিদ্র্য বিমোচনের জন্য যে ক্ষুদ্রঋণ মডেল, তা বাস্তবায়নের সময় দেখা গেছে যে এতে ব্যবসায়ী মনোভাব এসে পড়ে। কিন্তু রাষ্ট্র ব্যবসায়ী মনোভাব দেখাতে পারে না। এটা বর্তমান সরকারের দর্শনও। তাঁর মতে, এ প্রান্তিক জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য রাষ্ট্রকে এগিয়ে আসতেই হবে। তখন এ ঋণদাতা প্রতিষ্ঠানের মনোভাবের সঙ্গে সরকারের সম্পর্ক সাংঘর্ষিক হয়ে ওঠে।
প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংকের ৫৪টি সহযোগী প্রতিষ্ঠানকে বিশ্লেষণ করলে দেখা যায়, প্রান্তিক জনগোষ্ঠী যে ঋণের ফাঁদে আটকে আছে, তা ফুটে ওঠে। গরিব মানুষের জন্য যা লাভজনক, তাতে কেউ যদি আঘাত করে, তবে সরকার তা মেনে নেবে না। তিনি বলেন, ১৯৯৬ সালে মুঠোফোনের লাইসেন্স দেওয়ার দরপত্রে গ্রামীণফোনের অবস্থান ছিল চতুর্থ। শুধু প্রান্তিক জনগোষ্ঠী সুবিধা পাবে—এ উদ্দেশ্যে গ্রামীণফোনকে লাইসেন্স অনুমোদন দেওয়া হয়। এ জন্য তখন সমালোচনা হয়েছে। কথা ছিল প্রতিষ্ঠানটি যৌথ বিনিয়োগে হবে। কিন্তু ড. ইউনূস শেয়ার বিক্রি করে দেন।
গতকালের একনেক সভায় নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের ওপর বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিদর্শন প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।