ড. ইউনূস সম্মাননা নিচ্ছেন কাল
শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাল বুধবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মাননা কংগ্রেসনাল গোল্ড মেডেল গ্রহণ করবেন। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে তাঁকে এ সম্মাননা দেওয়া হবে। পদক গ্রহণের জন্য তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।সম্মাননা গ্রহণের পর ড. ইউনূস কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য দেবেন। তাঁর বক্তব্যে সামাজিক ব্যবসা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও দারিদ্র্য দূরীকরণবিষয়ক ধারণা প্রাধান্য পাবে বলে ইউনূস সেন্টার সূত্র জানিয়েছে।নিউইয়র্কে অবস্থানরত নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এ সম্মাননা আমার ব্যক্তিগত নয়, বাংলাদেশের।’মার্কিন কংগ্রেসের উভয় পক্ষের সম্মতিতে কংগ্রেসনাল গোল্ড মেডেল দেওয়া হয়ে থাকে। সারা বিশ্বে অর্জন ও অবদান বিবেচনা করে মার্কিন আইনপ্রণেতারা এ সম্মাননা দিয়ে থাকেন। ১৯৭৬ সালে প্রথমবারের মতো এ সম্মাননা দেওয়া হয়।মার্কিন কংগ্রেসে প্রথম কোনো বাংলাদেশির এমন সম্মানে প্রবাসীরা আনন্দিত। ড. ইউনূসই প্রথম বাংলাদেশি, যিনি এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গোল্ড মেডেল পেয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে প্রেসিডেন্ট গোল্ড মেডেল দেওয়া হয়।