প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করেছেন সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। মওদুদ আহমদ বলেন, ‘আমাদের প্রফেসর মুহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী। এমন কোনো দেশ নেই, যেখানে তাঁকে উচ্চতম সম্মান দেখানো হয়নি।’ তিনি প্রশ্ন করেন, ‘আমরা কি এতই ছোট হয়ে গেছি যে, তাঁকে পর্যন্ত ছোট করার চেষ্টা করব আমাদের দেশের মাটিতে? যাঁরা এই ব্যক্তিকে ছোট করার চেষ্টা করছেন, তাঁরা ছোটলোক।’ তিনি আরও বলেন, কিছু ব্যক্তির কারণে প্রধানমন্ত্রী তাঁকে অপমান করেন, বাংলাদেশের মানুষ এটা কোনো দিন মেনে নেবে না।