শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। গতকাল সোমবার ফোরামের পক্ষে ৭৫ জন শিক্ষক স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে এ প্রতিবাদ ও ক্ষোভ জানানো হয়।বিবৃতিতে বলা হয়, সরকার প্রতিহিংসা ও ঈর্ষাপরায়ণতার বশবর্তী হয়ে সুপরিকল্পিতভাবে মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে অব্যাহতি দিয়েছে। সম্প্রতি মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে প্রধানমন্ত্রীসহ কতিপয় মন্ত্রীর মন্তব্য, কোনো কোনো গণমাধ্যমের অসত্য ও অবমাননাকর প্রচারণা এবং দেশের বিভিন্ন স্থানে দায়ের করা উদ্ভট মামলা এ সত্যকে তুলে ধরে। বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকেরা হলেন সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান, মো. এনামুল হক খান, শাহাবুদ্দিন কবীর চৌধুরী, মো. শামছুল আলম, সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান, মোজাম্মেল হক, মো. মফিজুল কবির, সোহেল রানা প্রমুখ।