ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণের প্রতিবাদে মানববন্ধন
নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের প্রতিবাদে গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে পৃথক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।জাগ্রত চট্টলাবাসীর ব্যানারে সকালে একটি পক্ষ মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাছিরউদ্দিন, জাগ্রত চট্টলাবাসীর আহ্বায়ক এম এ হাসেম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, কামাল উদ্দিন, মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ।মানববন্ধন চলাকালে মীর নাছির বলেন, ‘গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. ইউনূসকে অপসারণের মাধ্যমে সরকার তার প্রতিহিংসামূলক চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। একজন নোবেলজয়ীকে সম্মানজনক অবস্থানে রাখাটা আমাদের সবার নৈতিক দায়িত্ব।’একই ঘটনার প্রতিবাদে বিকেলে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে আরেকটি মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক এস ইউ এম নুরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় শিশুবিষয়ক সম্পাদক রোজী কবির, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. মহিউদ্দিন, ফোরামের সদস্য আবদুল মান্নান, সাইফুল সিদ্দিকি, মফিজুল হক ভূঁইয়া প্রমুখ।