নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার আবেদন জানিয়েছে চট্টগ্রাম অঞ্চলের গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতি এই আবেদন করে।কর্মচারী সমিতির নেতারা বলেন, ‘আমরা মনে করি, এখনো সুযোগ আছে। সরকার ইচ্ছা করলে গরিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটিকে রক্ষায় ইউনূসকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ দিতে পারে।’সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত রাখা হলে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও সুন্দর ও স্বচ্ছভাবে পরিচালিত হবে। কর্মী ও গ্রাহকদের মনোবল চাঙা হবে।’ লিখিত বক্তব্যে বলা হয়, ‘গ্রামীণ ব্যাংক এই মুহূর্তে কঠিন সংকটের মুখোমুখি। ৮৩ লাখ ঋণগ্রহীতা ও তাঁদের পরিবার অভিভাবকহীন। লাখ লাখ আমানতকারী আস্থাহীনতায় ভুগছেন।’এতে বলা হয়, ‘সরকার গঠিত পর্যালোচনা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ড. ইউনূস কোনো আর্থিক অনিয়ম করেননি এবং বাংলাদেশের অন্যান্য ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থার মধ্যে গ্রামীণ ব্যাংকের সুদের হার সবচেয়ে কম। ওই প্রতিবেদন দেখে আমরা আশান্বিত হয়েছিলাম। কিন্তু আপিল আবেদন খারিজ হওয়ায় ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী ও ৮৩ লাখ সদস্য গভীরভাবে মর্মাহত।’সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।