ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে বহালের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আলোচনা সভায় বক্তারা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে আবার বহাল করার দাবি জানিয়ে বলেছেন, তিনি সব সময় দেশ ও দশের কথা ভেবেছেন। তিনি শিক্ষকতা পেশা ছেড়ে দেশের দারিদ্র্য দূরীকরণে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ড. মুহাম্মদ ইউনূস’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নোবেলজয়ী ইউনূস সুহূদ, চট্টগ্রাম। এতে প্রধান অতিথি ছিলেন মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ইমেরিটাস কাইয়ুসি কাওয়াহিতু।অধ্যাপক কাইয়ুসি বলেন, ‘ড. ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং মিডল টেনেসি—দুটি বিশ্ববিদ্যালয়েই শিক্ষকতা করেছেন। টেনেসি বিশ্ববিদ্যালয়ে আমরা সহপাঠী ছিলাম। তিনি সৎ, ন্যায়পরায়ণ এবং মানবিক বোধসম্পন্ন ব্যক্তি।’ মিডল টেনেসির এই অধ্যাপক আরও বলেন, ক্ষুদ্রঋণ এবং সামাজিক ব্যবসার ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের অবদান অনেক। তাঁকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে ফিরিয়ে আনা হোক।সভার প্রধান অতিথি বলেন, মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ইউনূস কো-মেমোরেশন’ নামে একটি চুক্তি হয়েছে। চুক্তির আওতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টেনেসি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য সিকান্দার খানের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দীন, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের সভাপতি এ এস এম ফজলুল করিম, চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মো. শহীদুল্লাহ, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ূন মাহমুদ চৌধুরী।