ড. ইউনূসকে চেয়ারম্যান পদে চায় গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি মনে করে, গ্রামীণ ব্যাংকের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সংশ্লিষ্টতা না থাকলে মাঠ পর্যায়ে নেতিবাচক প্রভাব পড়বে। ড. ইউনূসকে ব্যবস্থাপনা পরিচালক পদে না হোক, অন্তত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে সমিতি। গতকাল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ দাবি জানায় গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি। আর্থিক অনিয়ম ও অনৈতিক কার্যকলাপের কারণে গ্রামীণ ব্যাংক থেকে বিদায় নেওয়া ব্যক্তিকে গ্রামীণ ব্যাংকের নির্বাহী কোনো পদে নিয়োগ না দিতেও অনুরোধ জানিয়েছে সমিতি। সংবাদ সম্মেলনে কর্মচারী সমিতির সাবেক সভাপতি ছগীরুর রশিদ চৌধুরী বলেন, ড. ইউনূসকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়ায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও আমানতকারীরা সংকট ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। ড. ইউনূসকে যেকোনোভাবে গ্রামীণ ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত রাখলে মানুষ বুঝবেন তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে আছেন। তিনি নেই, এমন বার্তা মাঠ পর্যায়ে গেলে বিপর্যয় ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ঋণ গ্রহীতারা কিস্তি পরিশোধ বন্ধ করে দেবেন, সদস্যরা আমানত তুলে নেবেন আর ১০ বছর পূর্ণ হয়েছে এমন কর্মীরা অবসর ভাতা তুলে নেবেন। এতে প্রতিষ্ঠানটি অচল হয়ে পড়ার আশঙ্কা আছে। প্রধানমন্ত্রীর কাছে আবদেন জানিয়ে সমিতির সভাপতি মো. সামশুল আলম বলেন, বয়সের কারণে ড. ইউনূসকে ব্যবস্থাপনা পরিচালকের পদে বহাল রাখা না গেলেও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ করা যায়। এতে দারিদ্র্য বিমোচনে সহায়ক শক্তি হিসেবে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।সামশুল আলম জানান, এক সপ্তাহের মধ্যে ব্যাংকের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে একটি লিখিত আবেদন প্রধানমন্ত্রীকে দেওয়া হবে। সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বি এম বরকতউল্লাহ বলেন, ‘গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের সম্পর্কটি স্রস্টার সঙ্গে সৃষ্টির। এ সম্পর্ক আইনের মাধ্যমে বিচ্ছিন্ন করা যায় না।’ এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক মো. মহসিন রেজা প্রমুখ।