ড. ইউনূসকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের প্রদর্শনী শুরু যুক্তরাষ্ট্রে
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংককে নিয়ে নির্মিত ‘টু ক্যাচ এ ডলার: মুহাম্মদ ইউনূস ব্যাংকস অন আমেরিকা’ নামের একটি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ২২৭টি সিনেমা হলে শুরু হয়েছে।‘টু ক্যাচ এ ডলার: মুহাম্মদ ইউনূস ব্যাংকস অন আমেরিকা’ নামের প্রামাণ্যচিত্রের নির্মাতা গ্যালি ফেরারো বলেন, ড. ইউনূসের মতো একজন ব্যক্তিত্বকে নিয়ে বাংলাদেশে যা হচ্ছে তা সত্যিই দুুঃখজনক। তিনি বলেন, ‘নিরন্ন ও দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে ড. ইউনূসের অবদান বিশ্বসমাজ কখনো ভুলবে না। প্রামাণ্যচিত্রটিকে তাঁর বিরুদ্ধে অপপ্রচারের ঐতিহাসিক জবাব বলে আমি মনে করি।’ তিনি বলেন, প্রথম দিনে কতজন দর্শক ছবিটি দেখেছেন, তা এখনো হিসাব করা হয়নি। তবে রাত নয়টা পর্যন্ত বিভিন্ন সিনেমা হলে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটেছে।নিউইয়র্ক সিটির বিভিন্ন হলে প্রমাণ্যচিত্রটি প্রদর্শিত হয়েছে। কুইন্সের ৪৩ স্ট্রিটে অবস্থিত একটি সিনেমা হলে জমায়েত হয়েছিলেন গ্রামীণ আমেরিকার কর্মকর্তা ও কর্মচারীরা। উপস্থিত ছিলেন প্রামাণ্যচিত্রটির নির্মাতা গ্যালি ফেরারো, গ্রামীণ আমেরিকার প্রেসিডেন্ট ভিডার জারগেনসন্স, বাংলাদেশি কর্মকর্তা শাহনেওয়াজসহ বিপুলসংখ্যক মার্কিন নাগরিক।প্রায় ৮০ মিনিটের এই সিনেমা শুরু হয়েছে দেশে-বিদেশে ড. ইউনূসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার মাধ্যমে। বিশ্বের আনাচকানাচে ক্ষুদ্রঋণের সুবিধাভোগীদের জীবনমানের উন্নয়নের দৃশ্য সেলুলয়েডে বন্দী করেছেন ছবির পরিচালক।অস্কার বিজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো প্রামাণ্যচিত্রটিতে ড. মুহাম্মদ ইউনূসকে উপস্থাপন করেছেন।গ্রামীণ আমেরিকার প্রেসিডেন্ট ভিডার জারগেনসন্স বলেন, ড. মুহাম্মদ ইউনূসের ভাবমূর্তি কেউ ক্ষুণ্ন করতে পারবে না। কারণ, বিশ্বের কোটি কোটি মানুষ ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক সম্পর্কে জানে। তিনি বলেন, যিনি তাঁর জীবনকে গরিব মানুষের কল্যাণে নিবেদন করেছেন, তাঁকে অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়।