ড. ইউনূসকে বিএনপি জাতীয়ভাবে সম্মানিত ব্যক্তির স্বীকৃতি দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসকে নিচে নামাতে গিয়ে সরকার নিজেই নিচে নেমে যাচ্ছে, তা বুঝতে পারছে না। তিনি ড. ইউনূসের প্রতি প্রতিহিংসা ও ব্যক্তিহিংসা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে দলীয়ভাবে নয়, জাতীয়ভাবে তাঁকে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেবে।’জাতীয় প্রেসক্লাবে গতকাল রোববার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ এ কথা বলেন। ‘রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার নোবেল বিজয়ী ইউনূস ও গ্রামীণ ব্যাংক: নাগরিক ভাবনা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ প্রজন্ম একাডেমি নামের একটি সংগঠন।মওদুদ আহমদ বলেন, ‘স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্জন নোবেল জয়। আর এটা এনেছেন ড. ইউনূস। কিন্তু তাঁর প্রতি সরকারের যে হীনম্মন্যতা, তাতে জাতি হিসেবে আমরা বিশ্বে কলঙ্কিত হচ্ছি।’ তিনি বলেন, হাজার চেষ্টা করেও ড. ইউনূসকে খাটো করা যাবে না।এই সরকার কাউকে সম্মান দিতে জানে না—অভিযোগ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এ কারণে সরকার সাধারণ মানুষের সম্মানও পায় না। ড. ইউনূসকে অপমান করলে জাতির অপমান হয়—উল্লেখ করে তিনি বলেন, ‘কেন তাঁর করের হিসাব নেওয়া হচ্ছে? সরকার তাঁকে নিয়ে কী করতে চায়? মানুষ ইউনূসের প্রতি সরকারের এ আচরণ মেনে নেবে না। ব্যালট বাক্সে জনগণ এর জবাব দেবে।’বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ড. ইউনূসের সঙ্গে যা করা হচ্ছে, তা রাষ্ট্রীয় সন্ত্রাস।বাংলাদেশ প্রজন্ম একাডেমির উপদেষ্টা মেহবুব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আবেদুর রহমান, ভূমিহীন দলের মিজানুর রহমান ভূঁইয়া প্রমুখ।