ড. ইউনূসকে স্বর্ণপদকে সম্মানিত করলেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ৩ জানুয়ারি ১০২তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের হাতে স্বর্ণপদক তুলে দেন l ছবি: ইউনূস সেন্টার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ৩ জানুয়ারি ১০২তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের হাতে স্বর্ণপদক তুলে দেন l ছবি: ইউনূস সেন্টার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে স্বর্ণপদক দিয়ে সম্মানিত করেছেন। ভারতের মুম্বাইয়ে ৩ জানুয়ারি ১০২তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে এ পদক দেওয়া হয়।
অধ্যাপক ইউনূসসহ চারজন নোবেল বিজয়ী এবং ভারতের পাঁচজন বিজ্ঞানী সায়েন্স কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে স্বর্ণপদকে ভূষিত হন। অনুষ্ঠানে ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সদস্য, দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ২০ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের এখানে নোবেল বিজয়ী বিজ্ঞানীরা আছেন, যাঁদের কাজের ফলে ভয়ংকর রোগের হাত থেকে মানুষ মুক্তি পেয়েছে।’
নরেন্দ্র মোদি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জীবন ও কর্ম প্রসঙ্গে বলেন, ‘এখানে একজন নোবেল বিজয়ী আছেন, সামাজিক বিজ্ঞানে তাঁর নিজস্ব উদ্ভাবনের কারণে দরিদ্রতম মানুষের জীবনে আশা জেগেছে, মিলেছে সম্মান।’
প্রধানমন্ত্রী মোদি ৪৫ মিনিটের ভাষণে বিজ্ঞান ও প্রযুক্তিকে উন্নয়নের কাজে লাগিয়ে ভারতের উন্নতি করার প্রত্যয় ব্যক্ত করেন।
১৯১৪ সাল থেকে শুরু হওয়া ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতের সবচেয়ে বড় বিজ্ঞান সম্মেলন। এ বছর ৩ থেকে ৭ জানুয়ারি মুম্বাই বিশ্ববিদ্যালয়ে এ কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অধিবেশনে অধ্যাপক ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক শুরুর অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি সামাজিক ব্যবসা চালু এবং এর মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন অঞ্চলের গরিবদের নানামুখী সমস্যা মোকাবিলায় এর ভূমিকা নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস বলেন, প্রযুক্তি আগামী শতকে নাটকীয় পরিবর্তন ঘটাবে। যদি প্রযুক্তিকে কাজে লাগানো যায়, তবে দারিদ্র্য ও বেকারত্বমুক্ত একটি বিশ্ব গড়ে তোলা সম্ভব। সূত্র: ইউনূস সেন্টার।