ড. ইউনূসের আপিলের অনুমতির শুনানি আজ
আপিলের অনুমতি চেয়ে মুহাম্মদ ইউনূসের করা আবেদনের (লিভ টু আপিল) ওপর শুনানি হবে আজ। গতকাল সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন।হাইকোর্টের আদেশের প্রত্যায়িত অনুলিপি পাওয়ায় রোববার বিকেলে ওই আদেশের বিরুদ্ধে দুটি লিভ টু আপিল করা হয়। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে অব্যাহতির বিরুদ্ধে মুহাম্মদ ইউনূসের করা রিট হাইকোর্ট খারিজ করে দেওয়ার পর প্রথমে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে দুটি আবেদন (সিএমপি) করা হয়েছিল।গতকাল সকাল সোয়া নয়টার দিকে শুনানিতে অংশ নিয়ে মুহাম্মদ ইউনূসের পক্ষে আইনজীবী কামাল হোসেন বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়েছে। কিন্তু তা শুনানির জন্য তালিকায় আসেনি। আগের দুটি আবেদন শুনানির জন্য রয়েছে। এ পর্যায়ে আদালত বলেন, কাল (মঙ্গলবার) লিভ টু আপিল শুনানির জন্য কার্যতালিকায় আসবে।আদালতে ইউনূসের পক্ষে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, সারা হোসেন ও তানিম হোসাইন উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম ও বাংলাদেশ ব্যাংকের পক্ষে তৌফিক নেওয়াজ উপস্থিত ছিলেন। কামাল হোসেন প্রথম আলোকে বলেন, লিভ টু আপিল শুনানির জন্য কাল (আজ) দিন ধার্য করা হয়েছে।প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংক ২ মার্চ এক আদেশে গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয়। তারও আগে গত ২৮ ফেব্রুয়ারি প্রধান নির্বাহী-সম্পর্কিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩-এর ১৪(১) ধারার বিধান অনুযায়ী মুহাম্মদ ইউনূসের এমডি পদে বহাল থাকা আইনগতভাবে বৈধ নয় উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক। অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক হাইকোর্টে দুটি রিট আবেদন করেছিলেন ৩ মার্চ। তিন দিন শুনানি শেষে ৮ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিট আবেদন দুটি সরাসরি খারিজ করে দেন। এর স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে দুটি আবেদন (সিএমপি) করা হয় ৯ মার্চ। এর পরিপ্রেক্ষিতে ওই দিন চেম্বার বিচারপতি ১৫ মার্চ আবেদন দুটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) করেন।