নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের দান করা অর্থের বিপরীতে কর দাবি করেছে কর বিভাগ। এ নিয়ে গতকাল রোববার ড. ইউনূস কিংবা তাঁর প্রতিনিধির সঙ্গে আলোচনার আমন্ত্রণ জানিয়েছিল কর অঞ্চল ৬-এর কমিশনার। তবে ড. ইউনূস দেশের বাইরে থাকায় তাঁর ব্যক্তিগত কর পরামর্শক ও সাবেক কর কমিশনার মাহবুবুর রহমান সকালে কমিশনারের কার্যালয়ে গিয়ে আলোচনার জন্য আরও ১৫ দিন সময় চান। আগামী ১৩ এপ্রিল পুনরায় আলোচনার দিন নির্ধারণ করা হয়।
মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ড. ইউনূস দেশে এলে তাঁর সঙ্গে আলোচনা করে কর বিভাগের সঙ্গে বৈঠক হবে। মাহবুবুর রহমান আরও জানান, তিনি (ড. ইউনূস) বিপুল অর্থ প্রবাসী-আয় হিসেবে দেশে এনেছেন, যা করমুক্ত। আর যে টাকা তিনি দান করেছেন, তাতে কর অব্যাহতি দেওয়া রয়েছে।
কর কমিশনার মেফতাহ উদ্দিন খানের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
এনবিআর দাবি করছে, ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ করবর্ষে জমা দেওয়া বার্ষিক আয়কর বিবরণীতে প্রদর্শিত দানের অর্থের ওপর ড. মুহাম্মদ ইউনূস কর দেননি। এ সময়ে তিনি ৭৭ কোটি ৪২ লাখ টাকা দান করেছেন। এনবিআরের হিসাব অনুযায়ী, দানকর বাবদ ১৫ কোটি ৩৯ লাখ টাকা জমা করেননি ড. ইউনূস। এ নিয়ে উচ্চ আদালতে রেফারেন্স মামলা করেছেন ড. ইউনূস। এমন অবস্থায় কর বিভাগের পক্ষ থেকে আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে কর আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আলোচনার আমন্ত্রণ জানানো হয়েছে।