ড. ইউনূসের নতুন ভাবনা 'সামাজিক ব্যবসা গ্রাম'

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবার সামাজিক ব্যবসা গ্রাম গঠনের পরিকল্পনা করছেন৷ এটি তাঁর নবীন উদ্যোক্তা পদক্ষেপের দ্বিতীয় দফা উদ্যোগ৷
অধ্যাপক ইউনূস বলেছেন, ‘অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে আমরা কোনো ইউনিয়নের ২০টি গুচ্ছগ্রামকে বেছে নেব৷ এটি একটি ইউনিট, সামাজিক ব্যবসা গ্রাম৷’ তিনি আরও বলেন, সামাজিক ব্যবসা দিবসে আনুষ্ঠানিকভাবে এ ধরনের গ্রামের অানুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে৷ এ মর্যাদা লাভের জন্য অন্তত ২৫টি নবীন উদ্যোক্তা প্রকল্প ও অন্য ধরনের পাঁচটি সফল সামাজিক ব্যবসার সৃষ্টি করতে হবে৷ খবর ইউএনবির৷
‘আমরা চাকরিপ্রত্যাশী নই, চাকরিদাতা—বেকারত্বকে উদ্যোক্তায় পরিণত করি’ শিরোনামে একটি নিবন্ধে এই পরিকল্পনার কথা তুলে ধরেন অধ্যাপক ইউনূস৷ তিনি বলেন, প্রতিটি সামাজিক ব্যবসা গ্রাম হবে সামাজিক ব্যবসা তহবিল ও সামাজিক ব্যবসা স্ফুটন (ইনকিউবেশন) কোম্পানি৷ এসব কোম্পানি থেকে সামাজিক ব্যবসার ধারণার উন্নয়ন করা, ব্যবসার পরিকল্পনা করা এবং গ্রামের বাইরের অন্য সামাজিক ব্যবসা গ্রামের সঙ্গে যোগাযোগ ও অংশীদারত্ব তৈরি করা হবে৷
অধ্যাপক ইউনূস আরও লিখেছেন, সামাজিক ব্যবসা তহবিল গঠনে সহযোগিতা দিতে ওই সামাজিক ব্যবসা গ্রামের বাসিন্দা, যাঁরা কোনো কারণে দেশের অন্যত্র কিংবা বিদেশে থাকেন, তাঁদেরও আমন্ত্রণ জানাবে৷ তিনি বলেন, বাংলাদেশের মানুষদের নিজ নিজ গ্রামের সঙ্গে গভীর আবেগের সম্পর্ক রয়েছে৷ নিজের গ্রাম থেকে তাঁরা কত দূরে কিংবা কত দিন ধরে দূরে থাকেন, ব্যাপারই না৷ তাঁরা এখনো গ্রামের প্রতি গভীর টান অনুভব করেন৷ গ্রামের সঙ্গে তাঁদের আবার অর্থপূর্ণভাবে যুক্ত করতে সামাজিক ব্যবসা গ্রাম প্রকল্প ইতিবাচক ভূমিকা রাখবে৷