জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিবেদনে ড. ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির কথা বলা হয়নি বলে জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান মো. গোলাম হোসেন। আজ মঙ্গলবার চট্টগ্রামে কাস্টমস বন্ড কমিশনারেটের নতুন কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মো. গোলাম হোসেন বলেন, ‘আমরা বলেছি কিছু অনিয়ম হয়েছে। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) থাকাকালে বিভিন্ন দেশ থেকে ড. ইউনূসের আয় এবং আয়কর অব্যাহতি কতটুকু বিধিসম্মত হয়েছে, তা পরীক্ষা করা দরকার বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিবেদনে বলা হয়েছে। সরকারি বিবৃতিতেও বিষয়টি সুস্পষ্ট করা হয়েছে।’
এনবিআরের চেয়ারম্যান বলেন, পরীক্ষার-নিরীক্ষার পর ‘অনিয়ম’ চূড়ান্তভাবে শনাক্ত হলে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক ও গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যবস্থা নেবে।
মো. গোলাম হোসেন বলেন, ‘সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী কোনো কর্মকর্তা ৫০০ টাকার বেশি উপহার নিতে পারেন না। এর বেশি নিতে হলে পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক। ড. ইউনূস বিদেশ থেকে প্রায় ৫০ কোটি টাকা এনেছেন। এ অর্থ আনার ক্ষেত্রে তিনি যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়ে থাকেন, তাহলে তাঁর প্রায় ১৩ কোটি টাকার আয়কর অব্যাহতি অবৈধ।’
ড. ইউনূসের বিরুদ্ধে এনবিআর কোনো ব্যবস্থা গ্রহণ করবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গোলাম হোসেন বলেন, ‘ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। সে হিসেবে তিনি গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের কাছে দায়বদ্ধ।’
এত দিন পর ড. ইউনূসের বিষয়টি কেন তোলা হয়েছে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘হাইকোর্টের রায়ের পর তিনি গ্রামীণ ব্যাংকের পদ ছাড়েন। ওই রায়ে বলা হয়েছে, ১৯৯৯ সাল থেকে পরবর্তী সময়ে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাঁর দায়িত্ব অবৈধ ছিল। এই রায়ের পরই এ বিষয়টি সামনে চলে আসে।’
এ সময় এনবিআরের চেয়ারম্যান আরও বলেন, ‘বাংলাদেশে বন্ড সুবিধার অপব্যবহার বেশি—এমন অভিযোগ দীর্ঘদিনের। নিজেও দেখেছি এই অভিযোগ পুরোপুরি সত্য না হলেও অনেক ক্ষেত্রে সত্য। এক বছরের স্যুটের কাপড় আমদানির তথ্য নিয়ে দেখেছি, এসব দামি কাপড় বাণিজ্যিক ভিত্তিতে আমদানি হয় না। অথচ বাজারে বিদেশি নানা ব্র্যান্ডের স্যুটের কাপড় পাওয়া যায়। তাহলে এসব আসে কোথা থেকে?’
বন্ড কমিশনার আবদুল মান্নান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজস্ব বোর্ডের সদস্য মো. নাসির উদ্দিন ও মো. ফিরোজ শাহ আলম। এ সময় কাস্টম হাউস, আয়কর ও মূল্য সংযোজন কর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।