গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মর্যাদা ক্ষুণ্ন ও গ্রামীণ ব্যাংকের ‘সরকারীকরণ’ চেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে। গত মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করে ‘নোবেলজয়ী ড. ইউনূস সুহূদ’ নামের একটি সংগঠন। মানববন্ধনে আয়োজক সংগঠনের আহ্বায়ক ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান বলেন, ‘সরকার অধ্যাদেশ পাস করে গ্রামীণ ব্যাংককে সরকারীকরণের চেষ্টা চালাচ্ছে। এ ব্যাংকের বিরুদ্ধে অধিক সুদে ঋণ দেওয়ার কুৎসা রটানো হচ্ছে। এভাবে মুহাম্মদ ইউনূসের মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা বন্ধ করতে হবে।’ মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফারুক ই আজম, শাহ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক কিউরেটর শামসুল হোসাইন, মনজুরুল কিবরিয়া ও মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ। ২ আগস্ট গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের বিধি পরিবর্তন করে ‘সংশোধিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ’ জারির সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।