ড. ইউনূসের সঙ্গে ডোমিনিকান রিপাবলিকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ধারণায় উদ্বুদ্ধ হয়ে সামাজিক ব্যবসা ও উদ্যোক্তা তৈরির নানা কর্মসূচি নিয়েছে ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিক। ডোমিনিকান রিপাবলিকের ভাইস প্রেসিডেন্ট মার্গারেট ফার্নান্দেজ এ কথা জানিয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট প্রাসাদে মার্গারেট ফার্নান্দেজের সঙ্গে বৈঠক হয় ড. মুহাম্মদ ইউনূসের। এতে সামাজিক ব্যবসা চিহ্নিতকরণ, প্রণয়ন ও বাস্তবায়নে একটি যৌথ কর্ম সম্পাদন দল (ওয়ার্কিং টিম) গঠন করা হয়।
আজ শুক্রবার ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যারিবিয়ান দেশটির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠকে যুব বেকারত্ব, নারীদের ব্যবসা উদ্যোগ, বনায়ন, ব্যবসা উদ্যোগ এবং গ্রামাঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি পণ্যের বাজারজাতকরণ নিয়ে আলোচনা হয়। এরপর ভাইস প্রেসিডেন্ট তাঁর শীর্ষ উপদেষ্টা, বিশেষজ্ঞ ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে একটি বড় সভার আয়োজন করেন। গত আট বছরে ওই দেশের গ্রামের নারীদের উন্নয়নে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে, তার একটি উপস্থাপনা ইউনূসকে দেখানো হয়। এসব কর্মসূচির বেশির ভাগই অধ্যাপক ইউনূসের কাজে অনুপ্রাণিত হয়ে গৃহীত বলে জানানো হয়।
প্রেসিডেন্ট প্রাসাদে ভাইস প্রেসিডেন্টের সভাপতিত্বে দুই দিন পর আরেকটি সভায় সে দেশে সামাজিক ব্যবসা চিহ্নিতকরণ, প্রণয়ন ও বাস্তবায়ন করতে একটি যৌথ কর্ম সম্পাদন দল গঠন করা হয়।
এরপর অধ্যাপক ইউনূস দেশটির চেম্বার অব কমার্সের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তৃতা প্রদান করেন।