ড. ইউনূসের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের একাংশ গতকাল বুধবার নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে।‘ইউনূস সেন্টারে’ অনুষ্ঠিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে ওই শিক্ষকেরা গ্রামীণ ব্যাংকের প্রতি সরকারের ‘বিদ্বেষমূলক’ আচরণের নিন্দা জানান এবং ‘দুঃসময়ে’ ইউনূসের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী পরিষদের সভাপতি অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান এ দলের নেতৃত্ব দেন। ৩৪ জন শিক্ষক ও ছয়জন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।পরিষদের মহাসচিব মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বিকেল সাড়ে চারটায় তাঁরা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যান। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা করার যে সুপারিশ করা হয়েছে, তা ড. ইউনূসের প্রতি ব্যক্তিগত আক্রোশ থেকে করা হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা তাঁর এই দুঃসময়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করতে গিয়েছিলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইমুল আহসান খান, মো. আব্বাস আলী খান, তানিয়া রহমান, মঞ্জুর মুর্শেদ, আনোয়ারুল ইসলাম, জাহাঙ্গীর আলম চৌধুরী, শহীদুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।