ড. ইউনূসের সঙ্গে সরকারের বিরোধে ফরাসিরা বিস্মিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ড. মুহাম্মদ ইউনূসের উদ্ভাবিত ক্ষুদ্রঋণের কারণে বিশ্বখ্যাত ফরাসি উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হয়েছে। গ্রামীণ ও ড. ইউনূসকে কেন্দ্র করে সরকারের মতপার্থক্যে সে সম্ভাবনা নষ্ট হোক, সেটা আমরা আশা করি না।’গতকাল সোমবার ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজির বিশেষ দূত মার্টিন ইরশ্ নোবেলজয়ী ড. ইউনূসের বিষয়ে তাঁর দেশের আগ্রহের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এ মন্তব্য করেন। তিন দিনের বাংলাদেশ সফর শেষে গতকাল ঢাকা ছাড়ার আগে তিনি ফ্রান্সের রাষ্ট্রদূত শার্লে কাসুরেটের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মার্টিন বলেন, ‘অধ্যাপক ইউনূসের সঙ্গে সরকারের মতবিরোধ ফরাসিদের জন্য বিস্ময় ও দুর্বোধ্য বিষয় বটে। কারণ ১৮ মাস আগে বাংলাদেশ সফরের সময় দারিদ্র্য বিমোচনের জন্য সরকারের মুখে গ্রামীণ ব্যাংক, ব্র্যাকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রশংসা শুনেছি। আর এখন দেখছি, এরা একে অন্যের মুখোমুখি দাঁড়িয়েছে।’ফরাসি প্রেসিডেন্টের বিশেষ দূত বলেন, তিনি ফরাসি প্রেসিডেন্টের একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন। ফ্রান্সে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরা ও ড. ইউনূসের সর্বশেষ পরিস্থিতি জানতে তাঁর এ সফর। বিষয়গুলো নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে আলোচনা করেছেন।মার্টিন বলেন, ‘সরকারকে হুমকি কিংবা শিক্ষা দিতে কিংবা প্রতারণা করতে আমি এখানে আসিনি। সরকারের সঙ্গে ড. ইউনূসের সমস্যাটা কোথায়, সেটা বুঝতে আমি বাংলাদেশে এসেছি। দুই পক্ষের মতপার্থক্যের বিষয়টি এখন আর গোপন নেই।’মার্টিন বলেন, ‘বহির্বিশ্বের কাছে এভাবে আরও অনেক উদ্ভাবনী চিন্তা বাংলাদেশের তুলে ধরার সুযোগ আছে। তাই আমরা চাই, নভেম্বরে ফ্রান্সে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ তার উদ্যোগগুলো তুলে ধরুক।’