ড. কামাল সম্পর্কে মন্ত্রীদের বক্তব্য বিদ্বেষপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের তিন মন্ত্রীর বক্তব্য ‘অত্যন্ত বিদ্বেষপূর্ণ’ আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছে গণফোরামের কেন্দ্রীয় স্থায়ী পরিষদ।গতকাল শুক্রবার রাজধানীর ইনার সার্কুলার রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী পরিষদের সভায় এর প্রতিবাদ জানানো হয়। পরিষদ মনে করে, মন্ত্রীদের এসব বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে, সরকারের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। তাই তাঁরা অসংলগ্ন কথা বলছেন।সভায় বলা হয়, গত ২১ অক্টোবর বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ‘জাতীয় ঐক্যের ডাক’ দেন। এর পর থেকেই ড. কামাল হোসেন সম্পর্কে প্রধানমন্ত্রী অত্যন্ত বিদ্বেষপূর্ণ ভাষায় অসত্য মন্তব্য করেন। স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অশালীন ভাষায় জাতীয় ঐক্যের ডাককে আক্রমণ করেন। সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রীও কামাল হোসেনকে আক্রমণ করে অত্যন্ত অগণতান্ত্রিক বক্তব্য দেন। এই সভা সরকারের এ তিন নেতার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।পরিষদ মনে করে, দেশের দুই প্রবীণ নাগরিক একটি সুখী, সৃমদ্ধ ও গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয়ে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, তাতে দেশের যুব সমাজ ও জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এ প্রেক্ষাপটে সরকারের মন্ত্রীদের অসংলগ্ন ও নেতিবাচক বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসার পরিচায়ক এবং গণতান্ত্রিক রীতিনীতি ও মূল্যবোধের পরিপন্থী। গণফোরামের স্থায়ী পরিষদ জাতীয় ঐক্যের এই ডাক সমর্থন ও অনুমোদন করার সিদ্ধান্ত নিয়েছে।গণফোরামের নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম খানের সভাপতিত্বে স্থায়ী পরিষদের সদস্য মোস্তফা মহসীন মন্টু, আবদুর রউফ, মো. সামসুজ্জোহা, সুব্রত চৌধুরী, জামালউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।