ড. কামালকে নিয়ে মায়ার 'আপত্তিকর' মন্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. কামাল হোসেনে ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ফাইল ছবি
ড. কামাল হোসেনে ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ফাইল ছবি

৫ জানুয়ারি একতরফা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সাংসদদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করায় ড. কামাল হোসেনের বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মায়া ড. কামালের উদ্দেশে বলেন, ‘হাইকোর্টে গেছিলেন। হাইকোর্ট একখান থাপ্পড় দিয়া দিছে। তাতেও লজ্জা হয়নি। এখন আবার বলেন, হাইকোর্ট পক্ষে না বললেও জনগণ পক্ষে আছে। কত বড় বেয়াদ্দব হলে এমন কথা বলতে পারেন।’
আগামীকাল সোমবার আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া দাবি করেন, ‘বিএনপির কিছু জ্যেষ্ঠ নেতা খালেদা জিয়ার কর্মকাণ্ডে বিরক্ত হয়ে নিষ্ক্রিয় হয়েছেন। এখন তাঁরা আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য গোপনে যোগাযোগ করছেন। কিন্তু আমরা ভাবছি নেব কি না। কারণ, দলে এসে যোগ দিয়ে অকাম-কুকাম ঘটাবেন। আর সেই দায় আওয়ামী লীগের ঘাড়ে আসবে। তবে যদি কোনো নেতা পরীক্ষিত ও মুক্তিযুদ্ধের সপক্ষের হন, তাহলে আলোচনা করা যেতে পারে।’


ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সফরে দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো সুরাহা হবে বলে আশা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছাবার্তা নিয়ে ২৫ জুন সুষমা স্বরাজ বাংলাদেশে আসছেন। আশা করি, দুই দেশের সম্পর্ক সুদৃঢ় হবে।’


প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি

আওয়ামী লীগের ৬৫ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল সূর্যোদয়ের সময় দলটির কেন্দ্রীয় ও সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাতটায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। বেলা সাড়ে তিনটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের পাদদেশ থেকে ধানমন্ডির ৩২ পর্যন্ত গণর্যালি। আগামীকাল কর্মদিবস থাকায় ওই সময় শাহবাগ-সায়েন্সল্যাব ও সায়েন্সল্যাব-ধানমন্ডি ৩২ এলাকায় যানজট হতে পারে। এ জন্য চলাচলে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। এ ছাড়া ২৮ জুন শনিবার বেলা সাড়ে তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভা হবে।