ড. জহির দেশ ও মানুষের জন্য কাজ করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম জহির
এম জহির

প্রয়াত আইনজীবী এম জহির স্মরণে আয়োজিত শোকসভায় বক্তারা বলেছেন, দলমতের ঊর্ধ্বে ছিলেন সাদামনের এই মানুষটি। তিনি সব সময় দেশ ও মানুষের জন্য কাজ করেছেন। বর্তমানে জাতির এই সংকটময় মুহূর্তে দেশের মানুষ তাঁকে স্মরণ করছে। গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) মিলনায়তনে ওই শোকসভার আয়োজন করা হয়। বিলিয়া এর আয়োজন করে।
শোকসভার সভাপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান বলেন, ‘বর্তমান সময়ে ড. জহিরের মতো সৎ ও আদর্শবান একজন ভালো মানুষের দরকার ছিল। তাঁকে হারিয়ে যাওয়ার ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয়।’ গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে নির্বাচন করতে ড. জহিরকে বলা হয়েছিল। কিন্তু তিনি নির্বাচনে অংশগ্রহণ করেননি। কারণ, কোনো দলের পক্ষে তিনি নির্বাচন করতে চাননি। তিনি দলমতের ঊর্ধ্বে উঠে সবার কাছের মানুষ হিসেবে থাকতে চেয়েছিলেন।
ব্যারিস্টার রফিকুল হক বলেন, ‘জহির কখনোই নীতির বিষয়ে নীরব ছিলেন না। সব সময়ই সত্যের পক্ষে অবস্থান নিতেন।’
সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ বলেন, দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের পাত্র হয়ে উঠেছিলেন ড. জহির। মানুষের মাঝে সেতুবন্ধনের কাজটিও করতেন তিনি।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, জহির সব সময়ই ধর্মের বিষয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করতেন।
শোকসভায় সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান, শিক্ষাবিদ আনিসুজ্জামান, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, আইনজীবী এস এ রহিম, নিজেরা করির সভাপতি খুশী কবির, আইনজীবী ড. শাহদীন মালিক প্রমুখ বক্তব্য দেন।
শোকসভা শেষে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, দেশের মানুষ নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন চায়। তাই জনগণের মতকে গুরুত্ব দিতে হবে। অন্যথায় সর্বদলীয় সরকার গঠন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ড. কামাল আরও বলেন, ‘দেশের সাধারণ মানুষ নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন চায়। কারণ জনগণ মনে করে, নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। তাই সরকারের দলীয় মনোভাব বাদ দিয়ে জনগণের মতকে গুরুত্ব দিতে হবে।’