ড. মোজাহারুল ইসলাম স্মরণসভা অনুষ্ঠিত
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রয়াত ড. মো. মোজাহারুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতা এবং স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান গত শুক্রবার বিকেলে খুলনা নগরের উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়। খুলনা সাহিত্য পরিষদ এবং ড. মো. মোজাহারুল ইসলাম ও শার্লী ইসলাম ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম শমসের আলী বলেন, ড. মোজাহারুল ইসলাম একজন প্রতিভাবান শিক্ষক ছিলেন। ১৯৬৪ সালে পূর্ব পাকিস্তানের প্রথম কম্পিউটারটি তিনি পরিচালনা করতেন। কম্পিউটারটি বর্তমানে জাদুঘরে সংরক্ষিত আছে।অনুষ্ঠানে ‘গণিতের আদিযুগ: প্রাচ্য, মধ্যপ্রাচ্য ও প্রতীচ্য’ শীর্ষক স্মারক বক্তৃতা করেন হারুনুর রশীদ। আবদুল্লাহ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ড. মোজাহারুল ইসলামের জীবন নিয়ে আলোচনা করেন ফিরোজ আহমেদ। স্বাগত বক্তৃতা করেন অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ। উল্লেখ্য, ড. মোজাহারুল ইসলাম দীর্ঘ ২৫ বছর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ২০০৯ সালের ৩ এপ্রিল তিনি লন্ডনে মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি।