ড. রতন সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক ও নাট্যকার ড. রতন সিদ্দিকীর বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি করেছে উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদ। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি করা হয়।উদীচীর নেতারা বলেন, উদীচীর সহসভাপতি রতন সিদ্দিকীর একটি বইয়ে ‘স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান’ এমন মিথ্যা অভিযোগ এনে সম্প্রতি হাইকোর্টে তাঁর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। তাঁরা বলেন, লেখক ওই বইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করেছেন। তিনি ৩৪ বছর ধরে উদীচীর সঙ্গে জড়িত। এ ছাড়া ছাত্র ইউনিয়ন ও খেলাঘর আসরের সঙ্গে জড়িত ছিলেন। বর্তমান সরকারের প্রথম দুই বছরে বিনা মূল্যের বই বিতরণ কর্মসূচি সমন্বয় করেছেন তিনি। বক্তারা আরও বলেন, কিছু ব্যক্তি ও সংবাদমাধ্যমের রোষানলে পড়ে রতন সিদ্দিকীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি গোলাম মোহাম্মদ, সাধারণ সম্পাদক হাবিবুল আলম, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আলমগীর শিকদার প্রমুখ। কর্মসূচিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট, ছাত্র ইউনিয়ন ও প্রগতিশীল লেখক সংঘের নেতা-কর্মীরাও অংশ নেন।