ড. শহীদুল্লাহ জ্ঞানপীঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে গতকাল রোববার উদ্যাপিত হলো ড. শহীদুল্লাহ জ্ঞানপীঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর ১৩০তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে এই অনুষ্ঠানে রাখা হয়েছিল নানা আয়োজন।
নগদ টাকা পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয় ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী শিক্ষার্থীকে। সম্মাননা জানানো হয় শহীদুল্লাহ পরিবারের কয়েকজন সদস্যকে। এ ছাড়া জ্ঞানপীঠের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীকেও পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান বেগম আখতার কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
কামাল লোহানী বলেন, ‘ভাষার প্রতি প্রেম ও আনুগত্য থেকেই বাংলা ভাষার প্রতি ড. মুহম্মদ শহীদুল্লাহ ভূমিকা রেখেছিলেন। তিনি বলেছিলেন, আমি মুসলমান, তাঁর আগে আমি একজন বাঙালি।’
আনিসুজ্জামান বলেন, ‘ড. শহীদুল্লাহ মা-মাতৃভাষা-মাতৃভূমিকে ভালোবাসতে শিখিয়েছিলেন। তাঁর সেই শিক্ষা যেন আমাদের জীবনে কাজে লাগাতে পারি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জ্ঞানপীঠের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও আহ্বায়ক চয়ন আরা জাকিয়া। আলোচনা ও পুরস্কার বিতরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জ্ঞানপীঠের শিশুরা।