প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকার রায়খালী খালে নৌকাডুবির ঘটনায় ডকইয়ার্ড মালিকসহ চারজনকে আসামি করে মামলা হয়েছে। আসামিরা হলেন: এফএমসি ডকইয়ার্ডের স্বত্বাধিকারী মো. ইয়াসিন, সুকানি মো. শাহজাহান, সারেং আবদুর রহিম এবং নৌকার শ্রমিক মো. আক্তার।বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হামিদ বাদী হয়ে গতকাল শুক্রবার মামলাটি করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে এফএমসি করপোরেশন নামের ডকইয়ার্ডের ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে পাঁচজন মারা যায়। বোয়ালখালী থানার ওসি জহিরুল হক বলেন, আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এ ছাড়া আসামিদের বিরুদ্ধে নৌকায় ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন, শ্রমিকদের বিষয়ে সঠিক তদারকি না থাকা এবং অব্যবস্থাপনা ও অবহেলার মাধ্যমে প্রাণহানির অভিযোগ আনা হয়েছে।