বাংলা ভাষার চর্চাকে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম নিয়ে গিয়েছিলেন ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্। বাংলা ভাষার উৎকর্ষ সাধনে তাঁর অনবদ্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ স্মরণে গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এই সেমিনারের আয়োজন করে। এ ছাড়া শহীদুল্লাহ্র জীবন ও কর্ম নিয়ে বিভাগে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজনও করা হয়।সেমিনারে বিশেষ বক্তৃতা করেন বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। তিনি ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্র জীবন ও কর্ম তুলে ধরে বলেন, বাংলা ভাষার পক্ষে শক্ত অবস্থানের কারণে তাঁকে বিশ্বাসঘাতক ও ভারতের দালাল পর্যন্ত বলা হয়েছে। কিন্তু তিনি তাঁর অবস্থান থেকে কখনোই নড়েননি। মা, মাতৃভাষা ও মাতৃভূমিকে ভালোবাসার যে পথ তিনি দেখিয়ে গেছেন, তা অনুসরণ করার জন্য তরুণ প্রজন্সের প্রতি আহ্বান জানান তিনি। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ভাষা আন্দোলন এবং বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে তিনি যে অসামান্য অবদান রেখে গেছেন, জাতি তা চিরদিন স্মরণ করবে।বাংলা বিভাগের চেয়ারপারসন সিদ্দিকা মাহমুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম, বেগম আকতার কামাল প্রমুখ বক্তব্য দেন। সঞ্চালনায় ছিলেন বিভাগের শিক্ষক বায়তুল্লাহ কাদরী।