ডট বাংলা ডোমেইন এখন বাংলাদেশের
ডট বাংলা (.বাংলা) ডোমেইন ব্যবহারের চূড়ান্ত অনুমোদন পেয়েছে বাংলাদেশ। ইন্টারনেটে বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় পরিচয়ের স্বীকৃতি হিসেবে কাজ করবে এই ডোমেইন। ডোমেইন বরাদ্দকারী আন্তর্জাতিক সংস্থা ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নম্বরস (আইসিএএনএন) বা আইকানের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর ফলে সারা পৃথিবীর বাংলাভাষী মানুষ ইন্টারনেটে নিজের ভাষাতেই বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে।
গতকাল বুধবার আইকানের অধীন সংস্থা ইন্টারনেট অ্যাসাইনড নম্বরস অথরিটির (আইএএনএ) ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন (সিসিটিএলডি) হিসেবে ডোমেইনটি বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে বরাদ্দ দেওয়া হয়েছে। ডোমেইনটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস লিমিটেডের (বিটিসিএল) নামও রয়েছে। এত দিন ডোমেইনটি ‘নট অ্যাসাইনড’ বা বরাদ্দহীন অবস্থায় ছিল।
বাংলাদেশের জন্য আইকানের স্বীকৃত দুটি ডোমেইনের একটি হলো ডট বাংলা, আরেকটি হলো ডট বিডি (.bd)। ২০১২ সালে ডোমেইনটি ব্যবহারের অনুমতি পেলেও গত চার বছরে তা সক্রিয়ভাবে ব্যবহার করতে না পারায় ডট বাংলা এত দিন ‘বরাদ্দহীন’ অবস্থায় ছিল। ডোমেইনটি বরাদ্দে বাংলাদেশের পাশাপাশি ভারত সরকারের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং সিয়েরা লিয়নও আবেদন করেছিল। তবে সব দিক বিবেচনা করে বাংলাদেশকেই ডোমেইনটি বরাদ্দ দিল আইকান।
ইন্টারনেট যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর গ্রুপের (বিডিনগ) বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির গতকাল শ্রীলঙ্কা থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এখানে চলমান এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) সম্মেলনে আইকানের কারিগরি কর্তৃপক্ষের প্রতিনিধিরা এসেছিলেন। তাঁদের সঙ্গে আমিসহ বিডিনগ ও এপনিকের সঙ্গে যুক্ত বাংলাদেশিরা বৈঠক করি। তাঁরা জানান, কারিগরি কিছু কারণে বিষয়টি এত দিন আটকে ছিল। সমস্যা চিহ্নিত করে আমরা বিটিসিএলের সঙ্গে কথা বলি এবং তা ঠিক করতে বলি। বিটিসিএল তা ঠিক করার পর ডট বাংলা ব্যবহারের অনুমোদন পাওয়া গেল।’
ডোমেইনটি দেশের সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে সুমন আহমেদ সাবির বলেন, এটি চালু হলে ইন্টারনেটে বাংলা ভাষাভাষী মানুষ মাতৃভাষায় ইন্টারনেটে প্রবেশ ও ব্যবহার করতে পারবে। এ জন্য ইউনিকোডে বাংলায় ওয়েবসাইটের ঠিকানা লিখে সঙ্গে ডট বাংলা যোগ করলেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট চলে আসবে। তবে এর আগে বিটিসিএলকে ডোমেইনটি বরাদ্দ দেওয়ার বাণিজ্যিক পরিকল্পনা তৈরি করতে হবে।
বিষয়টি নিয়ে গত বছরের ২৫ জুন দৈনিক প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর সরকার এটি কার্যকর করতে উদ্যোগ নেয়। এর পরিপ্রেক্ষিত গত বছরের ২৮ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ডোমেস্টিক নেটওয়ার্কিং কো-অর্ডিনেশন কমিটির (ডিএনসিসি) বৈঠকে বিটিসিএলকে ডোমেইনটি চালুর দায়িত্ব দেওয়া হয়।
এদিকে ডট বাংলা ডোমেইন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে গতকাল ফেসুবকে নিজের অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বর্তমানে তুরস্ক সফরে থাকা প্রতিমন্ত্রী ফেসবুক স্ট্যাটাসে জানান, প্রতিশ্রুতি অনুযায়ী আরেকটি কাজ সম্পন্ন হলো। অনেক চেষ্টার পরে বাংলাদেশের অনুকূলে ডট বাংলা ডোমেইন বরাদ্দ করেছে আইকান। এর আগে গত মার্চে ডট বাংলা ডোমেইন ব্যবহারের উপযোগী করতে আইকানকে তাগিদ দিয়ে চিঠি দেন তারানা।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) প্রেসিডেন্ট মোস্তাফা জব্বার প্রথম আলোকে বলেন, ডট বাংলার মাধ্যমে ইন্টারনেটে দেশের নাম ও বাংলা ভাষার নাম প্রতিষ্ঠা পাবে। দেরিতে হলেও এটি একটি অসাধারণ অর্জন।