ডট বাংলা ডোমেইনের উদ্বোধন শনিবার
দীর্ঘ প্রতীক্ষিত ডট বাংলা ডোমেইন আগামীকাল শনিবার জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল দুপুরে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ডট বাংলা ডোমেইনের উদ্বোধন করবেন। খবর বাসস।
ডাক ও টেলিযোগাযোগসচিব ফয়জুর রহমান চৌধুরী বাসসকে বলেন, ডোমেইন উদ্বোধনের পর এটি জনগণের মধ্যে বিতরণ করা হবে।
রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দীর্ঘ প্রক্রিয়ার পর গত ৪ অক্টোবর বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দেওয়ার পর গ্রাহকদের মধ্যে ডট বাংলা ডোমেইন বিতরণ শুরুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ডট বাংলা ডোমেইনের অধিকার পাওয়ার পর তাঁরা এটি বিজয়ের মাস ডিসেম্বরে জনগণের জন্য উন্মুক্ত করতে চান।
ইন্টারন্যাশনাল করপোরেশন অব অ্যাসাইন্ড ন্যামস অ্যান্ড নাম্বার্স (আইসিএএএন) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে ডট বাংলা (বাংলা) ইন্টারনেট ডোমেইন বরাদ্দ দেয়। গত ৪ অক্টোবর এ সিদ্ধান্তের কথা জানিয়ে আইসিএএনএন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়কে পত্র পাঠিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ ও সিয়েরা লিয়ন ডট বাংলা ডোমেইনের জন্য আবেদন করেছে। এর আগে আইসিএএনএন ডট বিডি অথবা বিডি হিসেবে বাংলাদেশের জন্য অপর একটি ডোমেইন বরাদ্দ দেয়। এখন থেকে বাংলা বাংলাদেশের নিজস্ব ইউনিকোড ডোমেইন লেভেল। বাংলা ওয়েবসাইটের জন্য এটা দ্বিতীয় শীর্ষ পর্যায়ের কান্ট্রি ডোমেইন (টিএলডি)।
বিটিসিএল সূত্রে জানা যায়, বিডির নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ৩৬ হাজার ৫০০-তে পৌঁছেছে। গ্রাহকেরা বাংলা ফন্টে বিটিসিএল. বাংলা টাইপ করে বিটিসিএলের ওয়েবসাইটে (ডব্লিউডব্লিউডব্লিউ.বিটিসিএল.কম.বিডি) যেতে পারেন।