ডব্লিউআইপি পুরস্কার জিতেছে বাংলাদেশ
বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাম্প্রতিক এক সমীক্ষায় লিঙ্গবৈষম্য বিলোপে শীর্ষ ১০টি দেশের অন্যতম হওয়ায় সম্মানজনক উইমেন ইন পার্লামেন্টস (ডব্লিউআইপি) পুরস্কার জিতেছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল মঙ্গলবার ইথিওপিয়ায় আদ্দিস আবাবায় আফ্রিকা ইউনিয়নের সদর দপ্তরে পুরস্কার গ্রহণ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজনীতিতে লিঙ্গবৈষম্য বিলোপে আঞ্চলিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ডব্লিউআইপি শীর্ষ সম্মেলন-২০১৫-এ বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট’-এর তালিকায় থাকা দেশগুলোকে এ পুরস্কার দেওয়া হয়েছে। যেসব দেশ রাজনীতিতে নারীর ক্ষমতায়নের স্বীকৃতি দিয়েছে এবং রাজনীতিতে লিঙ্গবৈষম্য বিলোপে আঞ্চলিক নেতৃত্ব দিয়েছে, সে দেশগুলোকে নিয়ে একটি তালিকা তৈরি করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কারটি গ্রহণ করলেও অনুষ্ঠানের শেষ দিনে আজ শেখ হাসিনার একটি ভিডিও বার্তা প্রচার করা হবে।
পুরস্কার গ্রহণের সময় শাহরিয়ার আলম ঐতিহাসিক স্বাধীনতা যুদ্ধের সময় সবচেয়ে নিকৃষ্টতম সহিংসতার শিকার দুই লাখের বেশি নারীর প্রতি সম্মানজনক ডব্লিউআইপি পুরস্কারটি উৎসর্গ করেন।