ডব্লিউইএফ সম্মেলনে যোগ দিতে দাভোস গেলেন প্রধানমন্ত্রী
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে পাঁচ দিনের সফরে গতকাল রোববার সুইজারল্যান্ডে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট রাত ১০টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন।
বিমানবন্দরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, চিফ হুইপ আ স ম ফিরোজ, তিন বাহিনী প্রধানেরা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং ডিপ্লোমেটিক কোরের ডিন প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
ফ্লাইটটি আজ সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ কার্যালয়ে স্থায়ী প্রতিনিধি শামিম আহ্সান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। সুইজারল্যান্ডের দাভোসে কাল মঙ্গলবার থেকে চার দিনব্যাপী এ সম্মেলন শুরু হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, দাভোসে অবস্থানকালে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন এবং ডব্লিউইএফের নির্বাহী চেয়ারম্যান ক্লাউস সোয়াবের সঙ্গে বৈঠক করবেন।