গণ্ডি থেকে নারীদের বেরিয়ে আসতে বললেন স্পিকার
ডব্লিউইপির প্রসারে কাজ করবে সিএসআর সেন্টার ও স্কয়ার গ্রুপ
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীরা নিজেদের সমস্যা সম্পর্কে জানেন। নিজেরা নিজেরা আলাপ করেন। কিন্তু সমস্যা সমাধানে নিজেদের মধ্যে কথা বললে চলবে না। এই গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে।
গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে সিএসআর সেন্টার ও স্কয়ার গ্রুপ আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন স্পিকার। প্রতিষ্ঠান দুটি গতকাল জাতিসংঘের সহায়তায় কর্মক্ষেত্রে নারীর ক্ষমতায়নে জাতিসংঘের সাতটি নীতি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
‘উইমেনস এমপাওয়ারমেন্ট প্রিন্সিপালস’ (ডব্লিউইপি) বা নারীর ক্ষমতায়ন নীতিমালায় প্রতিষ্ঠানগুলোতে জেন্ডার সমতা নিশ্চিত করতে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা; কাজের জায়গায় নারী-পুরুষে বৈষম্য না করা এবং মানবাধিকার ও সমতা রক্ষায় উদ্যোগ গ্রহণ; নারী-পুরুষ সব কর্মীর স্বাস্থ্য, নিরাপত্তা ও ভালো থাকা নিশ্চিত করা; নারীদের শিক্ষা-প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের ব্যবস্থা করা; উৎপাদন ও বাজারজাত করার সব পর্যায়ে নারীদের সহযোগিতা করা ও সামাজিকভাবে উদ্যোগ নিয়ে নারী-পুরুষের সমতা নিশ্চিতের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। অনুষ্ঠানে নারীদের নিরাপত্তা, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে বিভিন্ন সহায়তাকারী প্রতিষ্ঠানের ফোন নম্বরসহ একটি বই প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের নিয়ে উইংস নামের একটি সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। তাঁরা নারীদের উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
প্রধান অতিথির বক্তব্যে শিরীন শারমিন চৌধুরী জাতিসংঘের সাতটি নীতি ছড়িয়ে দেওয়ার উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি কীভাবে এ নীতিমালা বাস্তবায়িত হবে, সে বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। নারীদের সমস্যা সমাধানে সবাইকে যুক্ত হতে হবে।
অনুষ্ঠানের শুরুতে স্কয়ারের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী জানান, কাজের ক্ষেত্রে স্কয়ার নারী-পুরুষকে সমান সুযোগ দিয়ে থাকে। এ ছাড়া ৩৫ লাখ স্কুলছাত্রীকে মাসিকের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করা, ‘সুপারমম’ কার্যক্রমের মাধ্যমে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে তিনি জানান।
রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর সাফিনা রহমান বিভিন্ন খাতে বাংলাদেশের নারীদের অবদান নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, অংশগ্রহণ আর অংশীদারি এক নয়। তিনি বলেন, ‘পার্টিসিপেশন’ (অংশগ্রহণ), ‘পার্টনারশিপ’ (অংশীদারি) এবং ‘পাওয়ার’ (ক্ষমতা) এই তিনের অধিকারী হতে হবে নারীদের।
সেমিনারে বলা হয়, বাংলাদেশে নারীরা অনেক এগোলেও এখনো বেশ কিছু জায়গায় পিছিয়ে আছে। শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানে কর্ণধারের হার এখনো ৫ শতাংশের নিচে, টেলিকম খাতে ২০ থেকে ২৫ শতাংশ আর ব্যাংক ও বিমাপ্রতিষ্ঠানে ১৫-১৮ শতাংশ। গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফারজানা চৌধুরী বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও শীর্ষে পৌঁছাতে তাঁকে অনেক বাধা পেরোতে হয়েছে।
ইউএসএআইডির পাবলিক অ্যাফেয়ার্স অফিসার অ্যান ম্যাককনেল বলেন, একটি সময় মার্কিন যুক্তরাষ্ট্রেও নারীরা শিক্ষকতা, নার্স ও সচিবালয়ের চাকরি ছাড়া আর কিছু করার সুযোগ পেতেন না। এখন তাঁরা মহাকাশে যাচ্ছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিএসআর সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহামিন এস জামান, গ্লোবাল কমপ্যাক্ট, নিউইয়র্ক প্রতিনিধি তুলসি বায়ার্ন, ওয়ার্ল্ড ফেয়ার ট্রেড অর্গানাইজেশনের ফেয়ার ট্রেড বিশেষজ্ঞ দেবস্মিতা পাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের শিক্ষক মেহতাব খানম, টিএস ইভেন্টসের স্বত্বাধিকারী টুটলি রহমান, এনভায়রনএসএলএন এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা রুবাইদা জামাল খান প্রমুখ।