ডব্লিউএইচওকে বুঝেশুনে অংশীদারত্বে যাওয়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বার্থ আছে এমন প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) অংশীদারত্বে না যাওয়ার পরামর্শ দিয়েছেন সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের নেতারা। আজ বুধবার ডব্লিউএইচওর আঞ্চলিক কমিটির বৈঠক থেকে এ পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া চার দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনে স্বাস্থ্য খাতে অঞ্চলটি যেন নিজেদের প্রয়োজনমাফিক গুরুত্ব নির্ধারণ করতে পারে, সে দিকে নজর রাখার প্রস্তাব করেছে বাংলাদেশ। ­­­­পাশাপাশি অসংক্রামক ব্যাধির চিকিৎসায় বরাদ্দ বাড়ানোর প্রস্তাবও উত্থাপন করা হয়।

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং আলোচকদের এসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের বিষয়টি অনুমোদিত। নতুন করে একটি নির্দেশিকা তৈরির কাজ চলছে। সদস্য দেশগুলোর উদ্বেগের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। প্রতিটি পদক্ষেপ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নেওয়া হবে। তিনি আরও বলেন, এ অঞ্চলের প্রধান সমস্যা দাতার অভাব। দাতারা টাকা দেওয়ার সময় বেশির ভাগ ক্ষেত্রেই খাত উল্লেখ করে দেন। অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলবে।

|এর আগে বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিন বেসরকারি সংস্থা বলতে ঠিক কোন কোন প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে, তার ব্যাখ্যা প্রয়োজন বলে মন্তব্য করেন।
অতিরিক্ত সচিব এ এম বদরুদ্দোজা বলেন, অঞ্চলটিকে স্বাস্থ্য খাতের অগ্রাধিকার খুব সাবধানতার সঙ্গে নিতে হবে। তবে এ ক্ষেত্রে দাতাদের ইচ্ছা নয়, বরং দেশটির প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাজেট স্বচ্ছতার সঙ্গে ব্যয় হচ্ছে কি না, সেদিকে নজর রাখার পরামর্শ দেয় থাইল্যান্ড ।

আজ অংশগ্রহণকারী ১১টি দেশের প্রতিনিধিরা আইন করে জন্ম-মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক করা প্রয়োজন বলে উল্লেখ করেন।
ডব্লিউএইচও বলছে, ২০১০ সালে ৭৬ লাখ শিশু মারা যায়। এর মধ্যে মৃত্যু নিবন্ধিত হয়েছে মাত্র দুই দশমিক সাত শতাংশ শিশুর ক্ষেত্রে। সংস্থাটি মনে করে, কার্যকর স্বাস্থ্য পরিকল্পনা ও ব্যবস্থাপনার জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক হওয়া দরকার।