ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের বৈঠক শেষ
মদের ক্ষতিকর ব্যবহার কমিয়ে আনতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চল বৈশ্বিক কৌশল বাস্তবায়নের উদ্যোগ নেবে। এ ছাড়া প্রতিটি জন্ম-মৃত্যু নিবন্ধন ও সনাতনী ওষুধের ব্যবহার বাড়াতে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবে এ অঞ্চলের দেশগুলো।
আজ শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের ৬৭তম বৈঠকে ১১টি দেশের প্রতিনিধিরা এসব বিষয়ে ঐকমত্যে পৌঁছান। বৈঠকের শেষদিকে সংবাদ সম্মেলন করে বৈঠকের বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে জানান ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং ও বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
পুনম বলেন, অঞ্চলটি স্বাস্থ্য খাতের অনেক চ্যালেঞ্জ মোকাবিলায় সফল হয়েছে। কিন্তু অসংক্রামক ব্যাধি দেশগুলোর অর্থনীতিকে বিপর্যস্ত করে ফেলতে পারে। অসংক্রামক ব্যাধি প্রতিরোধে দেশগুলোকে পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে। দেশগুলো চিকিৎসকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা চেয়েছে ডব্লিউএইচওর কাছ থেকে।
আঞ্চলিক কমিটি এ অঞ্চলের দেশগুলোতে বিশেষ করে কিশোর, তরুণ ও নারীদের মধ্যে মদ্যপানের প্রবণতা এবং বেশিমাত্রায় মদ্যপানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে। সদস্য রাষ্ট্রগুলো জানায়, এ অঞ্চলে মদের বাজার দিন দিন বড় হচ্ছে। এ খাতে বিনিয়োগের পরিমাণও বেড়েছে। এ পরিস্থিতিতে আঞ্চলিক পরিকল্পনা বাস্তবায়নে সদস্য রাষ্ট্রগুলোর সক্ষমতা বৃদ্ধি ও সহযোগিতায় এবং পরামর্শক কমিটি গঠনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতা কামনা করে দেশগুলো।
সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতে নিরাপদ সনাতনী ওষুধের বিস্তারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনাতনী ঔষধ কৌশল ২০১৪-২০২৩ দেশগুলোয় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানায় আঞ্চলিক কমিটি। মূল ধারার চিকিৎসাসেবায় সনাতনী ওষুধকে সম্পৃক্ত করা উচিত বলে মন্তব্য করা হয়। এ অঞ্চলের কয়েকটি দেশ সনাতনী ওষুধ বিষয়ে শিক্ষা, অনুশীলন, গবেষণা ও নিয়ন্ত্রণে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণের প্রস্তাব করে।
আঞ্চলিক কমিটির বৈঠকে বলা হয়, সদস্য দেশগুলোয় জন্ম-মৃত্যু নিবন্ধনের রেওয়াজ নেই। ডেথ অডিট হয় না। ফলে প্রয়োজন অনুযায়ী অগ্রাধিকার ঠিক করা সম্ভব হচ্ছে না। জন্ম-মৃত্যু নিবন্ধন ও অত্যাবশ্যকীয় পরিসংখ্যান সংরক্ষণে দেশগুলো উদ্যোগী হওয়ার সিদ্ধান্ত নেয়
সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করা হয়, তারা যেন সদস্য দেশগুলোকে ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধে কৌশল প্রণয়ন ও তার বাস্তবায়নে সহযোগিতা দেয়। এ সভায় কমিটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্যকর্মীদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যাপারে আঞ্চলিক কৌশলপত্র অনুমোদন করে। অংশগ্রহণকারী সদস্যরা গ্রামাঞ্চল ও দুর্গম এলাকায় অপ্রতুল স্বাস্থ্যকর্মী নিয়ে উদ্বেগ জানায়।