বিব্রত পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়
ডব্লিউএইচওর মহাপরিচালক পদে বিদেশি মনোনয়ন, পরে প্রত্যাহার
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক পদে বাংলাদেশের পক্ষ থেকে একজন বিদেশিকে মনোনয়ন দেওয়া নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়। দুই মন্ত্রণালয়ের মধ্যে এ নিয়ে চিঠি চালাচালি হচ্ছে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ব্যাপারে মুখ খুলছেন না।
জেনেভা থেকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ এই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। ওই সূত্র জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ইতিমধ্যে জানানো হয়েছে যে বাংলাদেশের কোনো প্রার্থী নেই।
পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যোগ্য প্রার্থী এবং দৃঢ় আন্তর্জাতিক সম্পর্ক, সমর্থন ও লবি ছাড়া এই পদে মনোনয়ন দিয়ে প্রার্থী জেতানো সম্ভব নয়। এ ক্ষেত্রে দুর্বল অবস্থানে থাকার পরও বাংলাদেশ কী করে প্রার্থী মনোনয়ন দিল, তা ভেবে পাচ্ছেন না তাঁরা।
ঘটনাটি জানাজানি হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন উপসচিব মনোনয়নসংক্রান্ত চিঠি জেনেভাতে বাংলাদেশ স্থায়ী মিশনে পৌঁছানোর পর। ১৮ জুলাই মিশনে পাঠানো চিঠিতে বলা হয়, এ বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালকের মেয়াদ শেষ হচ্ছে। পরবর্তী মহাপরিচালকের জন্য বাংলাদেশ সরকার পার্টনার্স অব পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (পিপিডি) নির্বাহী পরিচালক জো থমাসকে মনোনয়ন দিয়েছে। দূতাবাস যেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিষদের চেয়ারম্যানের কাছে জো থমাসের মনোনয়ন পৌঁছে দেয়। উপসচিবের চিঠির সঙ্গে সংযুক্তি হিসেবে মনোনয়নপত্র পাঠানো হয়। জেনেভা থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব (জাতিসংঘ ডেস্ক) মোস্তাফিজুর রহমান এই প্রতিবেদককে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করতে পরামর্শ দেন।
গত ২০ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামকে চিঠি দিয়ে পুরো ঘটনা জানানো হয়। ওই চিঠিতে মনোনয়ন বিষয়ে প্রবল আপত্তির কথা জানানো হয়। এ বিষয়ে স্বাস্থ্যসচিব প্রথম আলোকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিটি নজরে এসেছে। কীভাবে বিষয়টি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
জনসংখ্যা ও উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সংস্থা পিপিডির সদর দপ্তর ঢাকাতে। এর নির্বাহী পরিচালক জো থমাস ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক। সাত বছর ধরে তিনি এই পদে আছেন। চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে, একজন বিদেশি নাগরিককে এমন পদে মনোনয়ন দেওয়ার ঘটনা অস্বাভাবিক ও নজিরবিহীন এবং আন্তর্জাতিক রীতিনীতি ও চর্চার পরিপন্থী।
এদিকে জো থমাস মনোনয়নপত্রের একটি অনুলিপি নিজ উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডে পৌঁছানোর উদ্যোগ নেন বলে পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথম আলোকে জানিয়েছে। বর্তমানে জো থমাস বিদেশে। মুঠোফোনে যোগাযোগের পর ই-মেইলে এসব বিষয়ে জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।