ডব্লিউএলএফ পুরস্কার পেলেন ইকবালুর রহিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে হিজড়া সম্প্রদায়ের জন্য আবাসনের ব্যবস্থা করা ও বৃদ্ধাশ্রম নির্মাণে অবদান রাখায় ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশন (ডব্লিউএলএফ) পুরস্কার পেয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে উপস্থিত থেকে গত বৃহস্পতিবার তিনি এ পুরস্কার গ্রহণ করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দিনাজপুর-৩ আসনের সরকারদলীয় সাংসদ ইকবালুর রহিম তাঁর এলাকায় হিজড়া সম্প্রদায়ের আবাসনের জন্য মানবপল্লি ও বৃদ্ধাশ্রম গড়ে তুলেছেন। এতে ৮০টি পরিবারকে পুনর্বাসন করা এবং তাদের আর্থিক ও সামাজিক সহযোগিতা দেওয়া হয়েছে। সে জন্য ডব্লিউএলএফ তাঁকে ২০১৭ সালের সমাজসংস্কার বিভাগে পুরস্কৃত করেছে।
এ বিষয়ে শনিবার ইকবালুর রহিম টেলিফোনে প্রথম আলোকে বলেন, এ ধরনের পুরস্কার দেশের জন্য সম্মানের এবং এই সম্মাননা অন্য সাংসদদের সামাজিক কর্মকাণ্ডে উৎসাহ জোগাবে। তিনি আরও বলেন, হিজড়া সম্প্রদায় আমাদের সমাজেরই অংশ। অথচ তারা অবহেলিত। অবহেলা না করে তাদের প্রতি একটু যত্নশীল হলেই তারা সমাজের অন্য সবার মতো আচরণ ও সহাবস্থান করবে।