ডমেস্টিক ট্রাইব্যুনালে জামায়াতের আপত্তি
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘ডমেস্টিক ট্রাইব্যুনাল’ নামে অভিহিত করায় এর সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের নেতাদের কিছু করতে পারবে না জেনে এখন তাঁরা সেখান থেকে পিছিয়ে এসে দেশীয় আদালত বসিয়েছেন।’ গতকাল সোমবার বিকেলে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দলের এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ৬ ও ৭ জুলাই ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি সফল করার লক্ষ্যে জামায়াত ও ছাত্রশিবিরের ঢাকা মহানগর কমিটির নেতাদের নিয়ে এ যৌথ সভা করা হয়।আজহার বলেন, ‘যুদ্ধাপরাধের বিচারের কথা বলে এখন তাঁরা বলছেন মানবতাবিরোধী অপরাধের বিচার করবেন। এত দিন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কথা বলে এখন বলছেন ডমেস্টিক ট্রাইব্যুনাল।’ এ বিষয়ে তীব্র আপত্তি জানিয়ে তিনি বলেন, ‘এ আদালতে আমাদের জেলে ভরবেন, আর আমরা বসে বসে আঙুল চুষব—এটা ভাবার কোনো কারণ নেই।’উল্লেখ্য, গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালি বিধিমালার ২৩টি ধারা সংশোধন করে তা গণমাধ্যমে প্রকাশ করা হয়। এ বিষয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নয়, বরং দেশের নিজস্ব আইনের অধীনে গঠিত ডমেস্টিক ট্রাইব্যুনাল।’এ প্রসঙ্গে আজহার যুদ্ধাপরাধের বিচার আন্তর্জাতিক মানের করা এবং জাতিসংঘে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যটি স্মরণ করার আহ্বান জানান।জামায়াতের এই নেতা ৪৮ ঘণ্টার হরতাল সফল করতে দলের নেতা-কর্মীদের সাহসিকতার সঙ্গে রাজপথে নামার আহ্বান জানান। তিনি এই হরতালকে দেশ, ঈমান, গণতন্ত্র ও দেশের সীমানা এবং সম্পদ রক্ষার হরতাল বলে দাবি করেন।