ডলফিন অবমুক্ত
সাগর থেকে জোয়ারের পানিতে ভেসে আসা একটি ডলফিন ছোট ফেনী নদীতে আটকা পড়েছিল। ১২ দিন পর শনিবার বন বিভাগের উদ্যোগে এটিকে ধরে সাগরে অবমুক্ত করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর জোয়ারের পানির সঙ্গে একটি ডলফিন ফেনীর ছোট ফেনী নদীতে ঢুকে পড়ে। সাগর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ফেনী সদর উপজেলার চর হকদি ও অপর পাশে দাগনভূঞার আলমপুর। নদীর এ স্থান থেকে কয়েক বছর আগে ড্রেজার দিয়ে মাটি তোলায় কূপের মতো সৃষ্টি হয়। সাড়ে নয় ফুট লম্বা ও ছয় মণ ওজনের ডলফিনটি সেখানে আটকা পড়ে। ৩০০ মিটার দীর্ঘ এ কূপের মধ্যে শুরু হয় ডলফিনের দৌড়ঝাপ।এ কথা ছড়িয়ে পড়লে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের কয়েক হাজার মানুষ দুই পাড়ে জড়ো হয়। গত ১২ দিন ধরে চলে এ অবস্থা। শনিবার বেলা তিনটায় ফেনীর সামাজিক বন বিভাগের কর্মকর্তা (এসিএফ) মো. আবদুল করিমের তত্ত্বাবধানে নদীতে জাল ফেলে জেলেরা ডলফিনটি ধরে। পরে এটি বন বিভাগের গাড়িতে তুলে ৫০ কিলোমিটার দূরে মুসাপুরে নিয়ে সাগর মোহনায় অবমুক্ত করা হয়।