ডলফিনের অভয়ারণ্যে জাহাজডুবি

পূর্ব সুন্দরবনের শ্যালা নদীর যে স্থানে কয়লাবাহী জাহাজ ডুবেছে, সেটি ডলফিনের অভয়ারণ্য হিসেবে চিহ্নিত। গত শনিবার এমভি সি হর্স-১ নামের এ জাহাজ ১ হাজার ২৩৫ মেট্রিক টন কয়লা নিয়ে ওই স্থানে ডুবে যায়। গতকাল রোববার জাহাজডুবি এলাকায় ঘুরে ও জাহাজটির কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাহাজটি প্রায় ৩০ ফুট পানির নিচে তলিয়ে গেছে।
সুন্দরবন বিশেষজ্ঞ ও পরিবেশবাদী সংগঠনগুলো আশঙ্কা করছে, এই জাহাজডুবির ঘটনায় সুন্দরবনের ব্যাপক ক্ষতি হতে পারে। আর ডুবে যাওয়া জাহাজটিতে নিম্নমানের পিট কয়লা থাকায় সুন্দরবনের মতো সংবেদনশীল প্রতিবেশ ব্যবস্থার মারাত্মক ক্ষতি হবে।
সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) পক্ষ থেকে আবারও কয়লাবাহী জাহাজডুবির ঘটনায় উদ্বেগ জানানো হয়েছে। একই সঙ্গে সংগঠন ও দলগুলো সুন্দরবনে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করার দাবি জানিয়েছে।
ডুবে যাওয়া জাহাজটির নাবিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাহাজটিতে থাকা ১৩ কর্মচারী সাঁতার কেটে কূলে ওঠেন। গতকাল সকালে দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেছে বন বিভাগ, কোস্টগার্ড, মংলা বন্দর কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন। বন বিভাগের পক্ষ থেকে ঘটনা তদন্তে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন পেশ করবে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই স্টেশন কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ‘ডুবন্ত জাহাজটির অবস্থান নির্ণয় করে সেখানে মার্কিংয়ের ব্যবস্থা করেছে বিআইডব্লিউটিএ ও বন বিভাগ। তবে জাহাজটি উদ্ধারে যত দেরি হবে সুন্দরবনের জীববৈচিত্র্যের তত বেশি ক্ষতির কারণ হবে। এ কারণে আমরা সুপারিশ করেছি যত দ্রুত সম্ভব জাহাজটি উদ্ধারে ব্যবস্থা নিতে।’