ডলারের বিপরীতে টাকার মান বাড়ানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে রপ্তানি বাণিজ্যের চেয়ে আমদানির পরিমাণ বেশি হওয়ায় মার্কিন ডলারের বিপরীতে টাকার মান বাড়ানোর সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।এ ছাড়া পুঁজিবাজারে নেই, এমন প্রতিষ্ঠানে সরকারের যেসব শেয়ার রয়েছে, তা পুঁজিবাজারে ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়েছে কমিটি। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল।বৈঠকে কমিটির সদস্য ছাড়াও বিশেষজ্ঞ ব্যক্তিদের মধ্যে মির্জ্জা আজিজুল ইসলাম, কাজী খলীকুজ্জমান আহমদ, সালেহ উদ্দিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।মুস্তফা কামাল জানান, মার্কিন ডলারের বিপরীতে টাকার মান বাড়ানোর ব্যাপারে কমিটির পরামর্শের সঙ্গে বিশেষজ্ঞরা একমত হয়েছেন। তিনি বলেন, ‘দেশের অর্থনীতির অবস্থা এখন বেশ ভালো। জিডিপির প্রবৃদ্ধির হারও আগের চেয়ে বেশি। এ কারণে কমিটি মনে করে, টাকার মূল্য পুনর্নির্ধারণ হওয়া উচিত। অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে প্রতিবেশী দেশ ভারতসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ ডলারের বিপরীতে তাদের মুদ্রার মান বাড়িয়েছে। কিন্তু প্রবৃদ্ধির হার ভালো থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে আমাদের মুদ্রার মান ডলারপ্রতি প্রায় ৭০ টাকায় রয়েছে।’কমিটির সভাপতি জানান, বর্তমানে দেশের আমদানি বাণিজ্যের পরিমাণ ২৮ বিলিয়ন ডলার। আর রপ্তানি বাণিজ্যের পরিমাণ ১৭ বিলিয়ন ডলার। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে আসা প্রবাসী আয়ের পরিমাণ ১১ বিলিয়ন ডলার। তিনি বলেন, আমদানি ও রপ্তানি বাণিজ্যের সার্বিক হিসাবে দেখা যায়, টাকার মান বাড়ানো হলে দেশ লাভবান হবে। মূলত তৈরি পোশাক রপ্তানিকারকদের সুবিধা দেওয়ার জন্য দীর্ঘদিন থেকে টাকার মান কমিয়ে রাখা হয়েছে। টাকার মান বাড়ানো হলে তৈরি পোশাক রপ্তানিকারক এবং যাঁরা প্রবাসী আয় পাঠান, তাঁরা কিছুটা ক্ষতিগ্রস্ত হবেন। এ জন্য টাকার মান বাড়ানো হলে রপ্তানিকারকদের কী পরিমাণ ক্ষতি এবং আমদানিকারকদের কী ধরনের সুবিধা হবে, তা খতিয়ে দেখার জন্য বাংলাদেশ ব্যাংককে বলা হয়েছে।মুস্তফা কামাল জানান, বর্তমানে সরকারের শেয়ার রয়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২৬টি। কমিটি মনে করে, পুঁজিবাজারের স্বার্থে সরকারের এসব শেয়ার সাধারণ মানুষের হাতে ছেড়ে দেওয়া প্রয়োজন। বর্তমান বাজারে শেয়ারের পরিমাণ কম। সে তুলনায় বিনিয়োগকারী ও বিনিয়োগের পরিমাণ বেশি। যে কারণে শেয়ারবাজারে এক ধরনের অস্থিরতা রয়েছে। সরকারের শেয়ার বাজারে এলে সাধারণ বিনিয়োগকারীরা খারাপ শেয়ার ছেড়ে এসব শেয়ারে বিনিয়োগ করার সুযোগ পাবে। কমিটির আগামী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করে তা সুপারিশ আকারে মন্ত্রণালয়ে পাঠানো হবে।ইউনিয়নপর্যায়ে কৃষি কর্মকর্তা নিয়োগের সুপারিশ: মাঠপর্যায়ে কৃষি কার্যক্রমকে সফল করতে ইউনিয়নপর্যায়ে প্রথম শ্রেণীর কৃষি কর্মকর্তা এবং ওয়ার্ডপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগের সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। জাতীয় সংসদ ভবনে গতকাল কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।