ডলারের রং না দেখার পরামর্শ
বিদেশি বিনিয়োগ টানতে ডলারের রং না দেখার পরামর্শ এসেছে ব্যবসায় পরিবেশ নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সেমিনারে। সেমিনারে ব্যবসায়ীদের প্রভাবশালী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, অর্থের উৎস নিয়ে প্রশ্ন না করলে এ দেশে আরও বিদেশি বিনিয়োগ আসবে। এ ক্ষেত্রে তিনি কয়েকটি দেশের উদাহরণও দেন।
আজ শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ব্যবসায় পরিবেশের উন্নয়ন: প্রধান প্রধান নীতি সংস্কার ও প্রাতিষ্ঠানিক অগ্রাধিকার’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)।
নাসিম মঞ্জুরের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। অবশ্য এ বিষয়ে সেমিনারে উপস্থিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কোনো মন্তব্য করেননি। নাসিম মঞ্জুর বিদেশি বিনিয়োগ টানতে ছয়টি পরামর্শ দেন। এর মধ্যে একটি ছিল বিনিয়োগের ক্ষেত্রে অর্থের উৎস নিয়ে প্রশ্ন না তোলা। তিনি ডলারের রং বলতে এটি প্রদর্শিত না অপ্রদর্শিত তা বোঝাতে চেয়েছেন। তবে অবৈধ উপায়ে অর্জিত অর্থকে এর আওতায় আনেননি।
সেমিনারের শুরুতেই সংস্থাটির নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর মূল প্রবন্ধ উপস্থাপন করে বলেন, বিশ্বব্যাংকের ডুইং বিজনেস সূচকে বাংলাদেশ ১৮৯টি দেশের মধ্যে ১৭৬তম অবস্থানে আছে। বাংলাদেশের বিদেশি বিনিয়োগের স্থিতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার গড় হারের অর্ধেকের কম।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘গত ১৫ থেকে ২০ বছর ধরে আমরা বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিস (এক দরজায় সব সেবা) দেওয়ার ওয়াদা করেছি। কিন্তু কখনোই এখানে ওয়ান স্টপ সেবা ছিল না।’ তিনি উল্লেখ করেন, ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের তদারকিতে আছে। এ নিয়ে বিডা কাজ করছে।
অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে বাছাই করার পরামর্শ দেন। তিনি বলেন, যেসব ক্ষেত্রে দেশিরা ভালো করছে, সেখানে বিদেশি বিনিয়োগের দরকার নেই। যেসব বিদেশি বিনিয়োগে কর্মসংস্থান বেশি হবে বা যেসব বিদেশি বিনিয়োগ থেকে বাংলাদেশ কিছু শিখতে পারবে, সেগুলোর ওপরই জোর দিতে হবে।
এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবির বিডাকে শক্তিশালী করতে জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।