ডলু থেকে বালু উত্তোলন ঝুঁকির মুখে সেতু
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুঁটিবিলা এমচরহাট-সংলগ্ন ডলু খাল থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে খালের ওপর নির্মিত সেতু (বেইলি ব্রিজ) ঝুঁকির মুখে পড়েছে।এলাকাবাসী বলেন, সেতুর আশপাশে বালু উত্তোলনের কারণে সেতুসহ অন্যান্য স্থাপনা হুমকির মুখে পড়েছে। খালের দুই পাশের অনেক ঘরবাড়ি ও জমি খালে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনের মুখে পড়েছে ডলু বন বিট কার্যালয়ও।ইতিমধ্যে সেতুর আশপাশের কমপক্ষে এক কিলোমিটার এলাকা বালু উত্তোলনের জন্য ইজারা না দিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। ১৯৯৬ সালে ডলু খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য ১২০ মিটার।এলাকাবাসী বলেন, ডলু খালের বালু উন্নতমানের হওয়ায় বালুমহালটি (পুঁটিবিলা-১) ইজারা নেওয়ার ব্যাপারে সব সরকারের আমলেই সরকারদলীয় নেতা-কর্মীদের অনেক আগ্রহ থাকে। গত বছর বালুমহালটি ইজারা নেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের নেতা নুরুল আবছার চৌধুরী। উল্লেখ্য, নুরুল আবছার চৌধুরী নিজেকে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি দাবি করে থাকেন।স্থানীয় চুনতি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মান্নান সিকদার বলেন, বর্তমানে সেতুর দুপাশে ১৩টি ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে। এতে খালের দুই পাড় ভেঙে যাচ্ছে। তিনি বলেন, সেতুর খুব কাছাকাছি বালু তোলার কারণে সেতুর তিনটি পিলারের আশপাশের মাটি সরে গেছে। এতে ভবিষ্যতে সেতুটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে এই সেতু দিয়ে ট্রাকসহ ভারী যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।স্থানীয় ব্যক্তিরা বলেন, প্রতিদিন কয়েক হাজার লোক এই সেতু দিয়ে যাতায়াত করে।ডলু বন বিট কর্মকর্তা সৈয়দ আশেকুর রহমান বলেন, পুরাতন বিট কার্যালয় কয়েকবার ভাঙনের কবলে পড়ার কারণে কয়েক বছর আগে নতুন বিট কার্যালয় স্থাপন করা হয়। এখন এই কার্যালয়টিও ভাঙনের মুখে রয়েছে।এমচরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন বলেন, এমচরহাটের দুই শতাধিক দোকান ভাঙনের হুমকির মুখে।স্থানীয় বাসিন্দা আবদুল হাই ও গোপাল দাশ বলেন, ভাঙনের কারণে গত বছর তাঁদের বসতভিটা খালে বিলীন হয়ে যায়। তাঁরা বলেন, ভাঙনের কারণে বাঘখালারকুম থেকে পানত্রিশা-নারিশ্চা পর্যন্ত পাঁচ শতাধিক পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে।স্থানীয় ব্যক্তিরা বলেন, সেতুর আশপাশে সরকার ইজারা বন্ধ রাখলে খালের ভাঙন অনেকাংশে হ্রাস পাবে।বালুমহালের ইজারাদার নুরুল আবছার চৌধুরী বলেন, ‘সরকারের কাছ থেকে বালুমহাল ইজারা নিয়েছি। সরকার রাজস্ব পাচ্ছে।’ তিনি বলেন, ‘নতুন বছরে সেতুর আশপাশে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিলে আমরা বালু তুলব না।’উল্লেখ্য, ইতিমধ্যে সেতুর আশপাশে বালু উত্তোলনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী মাসে বালুমহাল ইজারা দেওয়া হবে।লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারা দিবা বলেন, ইতিমধ্যে ইজারদারকে সেতুর আশপাশে বালু না তুলতে বলা হয়েছে।দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল আহসান প্রথম আলোকে বলেন, ‘আমি নতুন এসেছি। বিষয়টি আমার জানা নেই। তবে খবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’