ডা. ইব্রাহিম অমর হয়ে থাকবেন
ডা. মোহাম্মদ ইব্রাহিম মানুষের সেবায় তাঁর সারা জীবন উৎসর্গ করেছেন। তাঁর হাতে গড়া প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়েই তিনি অমর হয়ে থাকবেন।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার সকালে বারডেম মিলনায়তনে বাডাস আয়োজিত স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। সমিতি এই দিনটিকে ডায়াবেটিক সেবা দিবস হিসেবেও পালন করে থাকে।
সভায় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও বারডেমের বোর্ড অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান ডা. সারওয়ার আলী বলেন, সব সংগঠন প্রতিষ্ঠান হতে পারে না। ডা. ইব্রাহিম বাডাস-বারডেমকে প্রতিষ্ঠানে পরিণত করেছেন। সাবেক রাষ্ট্রদূত ও সচিব জামিল মজিদ বলেন, ডা. ইব্রাহিম একাধারে ছিলেন একজন সফল শিক্ষক, চিকিৎসক, প্রশাসক ও সংগঠক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাডাসের সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান। আরও বক্তব্য দেন বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার, মহিলাবিষয়ক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক নিলুফার বেগম প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন ড. জামিলুর রেজা চৌধুরী।
এ বছর ডা. মোহাম্মদ ইব্রাহিম বক্তৃতা দেন ভারতের সমাজকর্মী প্রশান্ত ত্রিপাঠী। মৃত্যুবার্ষিকী ও সেবা দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে আরও ছিল মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ, সকালে রবীন্দ্রসরোবরে বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয়, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ‘ফ্রি হার্ট ক্যাম্প’, দোয়া মাহফিল ইত্যাদি।