জাতীয় অধ্যাপক এম আর খান আর নেই

জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার বিকেল চারটা ২৫ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
এম আর খান বার্ধক্যজনিত নানা জটিল রোগে গত কয়েক মাস ধরে ভুগছিলেন। তিনি সেন্ট্রাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, এম আর খানের প্রথম জানাজা রোববার সকাল সাড়ে ১০টায় সেন্ট্রাল হাসপাতালে অনুষ্ঠিত হবে। এরপর বেলা সাড়ে ১১টায় জানাজা অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মসজিদে। দুপুর ১২টায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কার্যালয়ে এবং সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সবার শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে তাঁর মরদেহ। এরপর বেলা ২টা ৩০ মিনিটে মিরপুরে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন এবং বিকেল সাড়ে তিনটায় উত্তরা উইমেন্স মেডিকেল হাসপাতালে তাঁর জানাজা হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি সাতক্ষীরার রসুলপুরে। পথে রাতে যশোরে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনে জানাজা অনুষ্ঠিত হবে। সোমবার সকাল সাড়ে ১০টায় এম আর খানের নিজের গ্রাম রসুলপুরে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
ডা. এম আর খান বাংলাদেশের শিশুচিকিৎসার পথিকৃৎ। তাঁর জন্ম ১৯২৮ সালের ১ আগস্ট সাতক্ষীরার রসুলপুরে। ১৯৫৩ সালে এমবিবিএস পাস করেন কলকাতা মেডিকেল কলেজ থেকে। তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডিটিএমঅ্যান্ডএইচ, এমআরসিপি, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিসিএইচ, ঢাকার পিজি থেকে এফসিপিএস, ইংল্যান্ড থেকে এফআরসিপি ডিগ্রি লাভ করেন।
এম আর খান পেনশনের টাকা দিয়ে গড়েন ডা. এম আর খান-আনোয়ারা ট্রাস্ট। দুস্থ মা ও শিশুর স্বাস্থ্যসেবা, তাদের আর্থিক-সামাজিক অবস্থার উন্নয়নে এ ট্রাস্টের মাধ্যমে তিনি নিরন্তর কাজ করেছেন। তাঁর উদ্যোগে গড়ে উঠেছে জাতীয় পর্যায়ের শিশুস্বাস্থ্য ফাউন্ডেশন। প্রতিষ্ঠা করেছেন শিশুস্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। গড়ে তুলেছেন সাতক্ষীরা শিশু হাসপাতাল, যশোর শিশু হাসপাতাল, সাতক্ষীরা ভোকেশনাল ট্রেনিং সেন্টার, রসুলপুর উচ্চবিদ্যালয়, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা সেন্ট্রাল হাসপাতাল, নিবেদিতা নার্সিং হোমসহ আরও বহু প্রতিষ্ঠান। এ ছাড়া তিনি দেশ থেকে পোলিও দূর করতে উদ্যোগী ভূমিকা রেখেছেন, কাজ করেছেন ধূমপানবিরোধী আন্দোলনের প্রতিষ্ঠান ‘আধূনিক’-এর প্রতিষ্ঠালগ্ন থেকে।
প্রতিষ্ঠানতুল্য এই মানুষটির জীবনী স্থান পেয়েছে কেমব্রিজ থেকে প্রকাশিত ইন্টারন্যাশনাল হু ইজ হু অব ইন্টেলেকচুয়াল-এ। পেয়েছেন আন্তর্জাতিক ম্যানিলা অ্যাওয়ার্ড, একুশে পদকসহ আরও অনেক পুরস্কার।
শোক: জাতীয় অধ্যাপক এম আর খানের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি শোকবার্তায় বলেছেন, এম আর খানের মৃত্যুতে জাতি একজন বিখ্যাত শিশু বিশেষজ্ঞকে হারাল। প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় বলেছেন, ‘এম আর খানের মৃত্যুতে জাতির, বিশেষ করে শিশুরোগ চিকিৎসার ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হলো।’
এম আর খানের মৃত্যুতে শোক জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মাহমুদ হাসান ও মহাসচিব ডা. এম ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান প্রমুখ।
আরও পড়ুন