ডা. জোহরা কাজী মানবতার প্রতীক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুসংস্কারাচ্ছন্ন সমাজের অচলায়তন ভেঙে নির্মোহ মানবতাবাদী চিকিৎসাবিজ্ঞানী ছিলেন অধ্যাপক জোহরা বেগম কাজী। আর্তমানবতার সেবার আদর্শ বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিতে আমৃত্যু সাধনা করেছেন তিনি। সে সময় হাসপাতালে প্রসূতির চিকিৎসার জন্য আলাদা কোনো ব্যবস্থা ছিল না। সামাজিক কুপ্রথার কারণে তাঁরা চিকিৎসাসুবিধাও পেতেন না। ডা. জোহরা কাজী বাড়ি বাড়ি গিয়ে নারীদের কুসংস্কার ভেঙে হাসপাতালে চিকিৎসা নিতে উদ্বুদ্ধ করতেন।গতকাল শনিবার রাজধানীর বারডেম মিলনায়তনে ডা. জোহরা বেগম কাজীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। অধ্যাপক ডা. জোহরা কাজী পরিষদ এ সভার আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, মানবতাবাদী চিকিৎসক জোহরা কাজী তাঁর প্রজ্ঞা দিয়ে এবং নিজেকে আমৃত্যু সমর্পিত রেখে আমাদের সামনে কর্মবীরের যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা অনুসরণীয়। তাঁর কর্মজীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে।বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান বলেন, জোহরা বেগম কাজী একজন চিকিৎসক, সংস্কারক ও আন্দোলনকারী হিসেবে সমাজের কুসংস্কার ভেঙে সাধারণ জনমানসের জন্য মঙ্গলময় জীবনের আদর্শ স্থাপনে নিজেকে নিয়োজিত করেছিলেন। তাঁর প্রদর্শিত আদর্শের পথে অগণিত নারী চিকিৎসক দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিচ্ছেন।অনুষ্ঠানে আরও স্মৃতিচারণা করেন হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও ধাত্রী বিভাগের প্রধান রওশন আরা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. সোহরাব আলী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ লুৎফুন্নাহার ও লায়লা আরজুমান্দ বানু। বক্তারা অধ্যাপক জোহরা কাজীর স্মৃতি রক্ষায় সব শ্রেণী-পেশার মানুষের সক্রিয় সাহায্য কামনা করেন। পরিষদের সভাপতি শাহ্লা খাতুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন কাজী আবদুস সবুর। শিল্পকলা গবেষক নীরু শামসুন্নাহারের লেখা মূল প্রবন্ধ পড়ে শোনান রহিমা আক্তার।