ডা. মোফাখখারুল হত্যা মামলায় ২ জনের ফাঁসি বহাল
বাংলাদেশ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক রেজিস্ট্রার মোফাখখারুল আহমেদ ওরফে সোহেল হত্যা মামলায় দুই আসামি সাইফুল ইসলাম ও ফিরোজ মিয়াকে নিম্ন আদালতের দেওয়া ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার ওই দুজনের সাজা বহাল রেখে এই রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহুরুল হক। আসামিপক্ষে ছিলেন শহীদুল ইসলাম সরকার।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০০৮ সালের ১১ জানুয়ারি মোফাখখারুলকে তাঁর নিজ বাসায় কুপিয়ে হত্যা করে গৃহকর্মী সাইফুল ইসলাম, সাইফুলের খালাতো ভাই ফিরোজ মিয়া ও মো. বুলু। ওই দিন রাতে লাশ তিন টুকরা করে বস্তায় ভরে তা বাসে করে রংপুরের পীরগঞ্জ পাঠানো হয়। সেখান থেকে গাইবান্ধার শিমুলতলী নিয়ে মোফাখখারুলের মাথা পুঁতে রাখা হয়। তাঁর শরীরের বাকি দুই অংশ করতোয়া নদীতে ফেলে দেওয়া হয়।
নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় মোফাখখারুলের মা ফিরোজা আহমেদ বাদী হয়ে হত্যা মামলা করেন। ২০০৯ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই মামলার রায়ে সাইফুল ও ফিরোজকে মৃত্যুদণ্ডাদেশ এবং বুলুকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করে। ওই আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) চূড়ান্ত শুনানি শেষে গতকাল রায় ঘোষণা করলেন হাইকোর্ট।
পাঁচ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বুলুর ইতিমধ্যে সাজা ভোগ শেষ হয়ে যাওয়ায় তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট।