ডা. রোকনুদ্দীনের খোঁজে পুলিশ
স্ত্রী, দুই মেয়ে ও মেয়েজামাই নিয়ে দেশ ছেড়ে যাওয়া শিশু চিকিৎসক খন্দকার রোকনুদ্দীন সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের ধারণা, রোকনুদ্দীন (৫০) তাঁর স্ত্রী নাইমা আক্তার (৪৫), দুই মেয়ে রেজওয়ানা রোকন (২৩) ও রামিতা রোকন (১৫) এবং জামাতা সাদ কায়েসকে (৩০) নিয়ে সিরিয়া চলে গেছেন।
খন্দকার রোকনুদ্দীন ঢাকা শিশু হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক এবং তাঁর স্ত্রী নাইমা যশোরের এম এম কলেজে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। পুলিশ বলছে, এই দম্পতির বড় মেয়ে রেজওয়ানা রোকন ও মেয়েজামাই সাদ কায়েস নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছোট মেয়ে রামিতা রোকন স্কুলে পড়ত। তবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বেলাল আহমেদ বলেন, রেজওয়ানা ও সাদ তাঁদের বিশ্ববিদ্যালয়ে ছিলেন কি না, খোঁজখবর নেওয়া হচ্ছে। এ দুজন কোন বিভাগে পড়তেন বা আদৌ ওই বিশ্ববিদ্যালয়ে পড়তেন কি না, সে বিষয়ে তাঁরা এখনো নিশ্চিত নন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘দেশ ছেড়ে চলে যাওয়ার খবর পেয়ে আমরা রোকনুদ্দীনের খিলগাঁও চৌধুরীপাড়ার বাসায় গিয়েছিলাম। বিষয়টি নিয়ে এখন অনেকগুলো সংস্থা কাজ করছে। এটা আপাতত আর থানা-পুলিশের হাতে নেই।’
রামপুরা থানার পুলিশ আরও জানিয়েছে, খিলগাঁও চৌধুরীপাড়ার যে বাসাটিতে রোকনুদ্দীন সপরিবার ছিলেন, সেটি তাঁর শ্বশুর আলী আহমেদের। আলী আহমেদ দেশের সুপরিচিত হোমিওপ্যাথিক চিকিৎসকদের একজন।
ঢাকা শিশু হাসপাতালে দীর্ঘদিন খন্দকার রোকনুদ্দীনের সহকর্মী ছিলেন, এমন একজন বিশেষজ্ঞ চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, খন্দকার রোকনুদ্দীন দীর্ঘদিন হাসপাতালের রেজিস্ট্রারের দায়িত্বে ছিলেন। খিলগাঁওয়ে তাঁর ব্যক্তিগত চেম্বারও ছিল জমজমাট। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তিনি ভালো ছিলেন। আচার-আচরণেও কখনো কোনো গোঁড়ামি কারও চোখে পড়েনি। তিনি বলেন, বড় মেয়ের বিয়ের কিছুদিন আগে থেকে তাঁর দুই মেয়ে পর্দা করতে শুরু করেন, চলাফেরায় রক্ষণশীল হয়ে ওঠেন। গত বছরের জুলাই-আগস্টে তিনি চাকরি থেকে ইস্তফা দেন। তাঁর চেম্বারটি দিয়ে দেন এক চিকিৎসককে। বাড়ি ছাড়ার আগে স্বজনদের তিনি ইউরোপের কয়েকটি দেশে বেড়াতে যাচ্ছেন বলে জানান। দিন পনেরো পর স্বজনদের কলিং কার্ড থেকে ফোন করে দুশ্চিন্তা করতে নিষেধ করেন। তিনি ‘ইসলামের খেদমত’ করছেন বলে জানান।