ডাইং কারখানা খুলে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার কাঠেরপুল এলাকায় অবস্থিত মেট্রো নিটওয়্যার লিমিটেডের বন্ধ থাকা ডাইং ও ফিনিশিং শাখা খুলে দেওয়া, শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ প্রত্যাহার ও গ্রেপ্তার করা শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। কারখানার শ্রমিকেরা গতকাল সোমবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন।
শ্রমিক জিয়াউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, হোসিয়ারি শ্রমিক ইউনিয়নের আবদুল হাই শরীফ ও দুলাল সাহা, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কারখানার শ্রমিক আনিসুর রহমান, সুমিত প্রমুখ।
বক্তারা বলেন, মেট্রো গ্রুপের মালিক সম্পূর্ণ বেআইনিভাবে ওই কারখানার ডাইং ও ফিনিশিং শাখা বন্ধ করে শ্রমিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করেছে। এবং ছাঁটাই ও দমন-পীড়ন চালাচ্ছে। এ তৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
বন্ধ কারখানা খুলে দিয়ে ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল, শ্রমিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তার করা শ্রমিক মোস্তফা কামালের মুক্তি, ন্যায্য বেতন-ভাতা ইত্যাদি দাবি পূরণ করে কারখানায় সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান বক্তারা।