ডাইং কারখানার বর্জ্য থেকে বুড়িগঙ্গা রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যামপুর এলাকার ডাইং কারখানার অপরিশোধিত বর্জ্য থেকে বুড়িগঙ্গা রক্ষার দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বুড়িগঙ্গা রিভারকিপারের মানববন্ধন l প্রথম আলো
শ্যামপুর এলাকার ডাইং কারখানার অপরিশোধিত বর্জ্য থেকে বুড়িগঙ্গা রক্ষার দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বুড়িগঙ্গা রিভারকিপারের মানববন্ধন l প্রথম আলো

শ্যামপুর এলাকার ডাইং কারখানার অপরিশোধিত বর্জ্য থেকে বুড়িগঙ্গা রক্ষার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বুড়িগঙ্গা রিভারকিপার।

গতকাল শুক্রবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বুড়িগঙ্গা রিভারকিপার ও বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল বলেন, ট্যানারির দূষণ থেকে মুক্ত হতে চলেছে বুড়িগঙ্গা। কিন্তু এক দশকের বেশি সময় ধরে শ্যামপুরের ডাইং কারখানাগুলো থেকে মারাত্মক দূষিত বর্জ্য সরাসরি বুড়িগঙ্গায় ফেলা হচ্ছে, যা দূষণের অন্যতম কারণ। তিনি বলেন, বুড়িগঙ্গা সেতু (পোস্তগোলা ব্রিজ) থেকে কদমতলী, শ্যামপুর, ধলেশ্বর, ঢাকা ম্যাচ ফ্যাক্টরি হয়ে মুন্সিখোলা পর্যন্ত বিস্তৃত এলাকায় কলকারখানা গড়ে উঠেছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এসব ডাইং কারখানার সব বর্জ্য গোপন পাইপলাইনের মাধ্যমে ফেলা হচ্ছে বুড়িগঙ্গা নদীতে। কস্টিক অ্যাসিড, সায়ানাইড, মার্কারি, সিসা, রংসহ ৬২ ধরনের ক্ষতিকারক রাসায়নিক বর্জ্য নদীতে ফেলা হচ্ছে।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, ‘আমরা গত ২০ বছর যাবৎ বুড়িগঙ্গা রক্ষায় আন্দোলন করছি। আমরা দেখেছি, সাধারণ জনগণসহ সকলেই বুড়িগঙ্গা রক্ষার পক্ষে। এমনকি মন্ত্রী ও কর্তাব্যক্তিরাও বিভিন্ন সময়ে তাঁদের বক্তব্যে বুড়িগঙ্গা রক্ষায় আন্দোলনকারীদের মতোই কথা বলেন। কিন্তু নদী দখল ও দূষণমুক্ত করতে তাঁদের কোনো উদ্যোগ দেখা যায় না। বরং এতটা শক্তিশালী গণদাবির মুখেও নদী রক্ষায় সরকারের দীর্ঘসূত্রতা দখলদার ও দূষণকারীদের পক্ষাবলম্বনেরই নামান্তর।’ তিনি আরও বলেন, ‘আমাদের দীর্ঘ আন্দোলন ও দাবির প্রেক্ষিতে হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সরে যাওয়ার পর এখন বুড়িগঙ্গা দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে শ্যামপুরের ডাইং কারখানা থেকে নির্গত বর্জ্য। আমরা অতীতেও লক্ষ করেছি, শিল্পপতিদের স্বার্থ রক্ষা করতে গিয়ে বুড়িগঙ্গাকে বারবার দূষণ করা হচ্ছে। ঢাকার চারপাশের নদীগুলো আজ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। বুড়িগঙ্গাকে বাঁচানোর স্বার্থে শ্যামপুর ডাইং কারখানাসমূহ অবিলম্বে বন্ধ বা তাতে বর্জ্য শোধন প্ল্যান্ট বসানো বাধ্যতামূলক করতে হবে।’

প্রধানমন্ত্রীর জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করে আবদুল মতিন বলেন, প্রয়োজনে বিশেষ নির্বাহী আদেশের মাধ্যমে বুড়িগঙ্গা রক্ষায় একটি ‘জরুরি আইন’ জারি ও প্রয়োগ করতে হবে।

মানববন্ধনে অন্যদের মধ্যে বাপার যুগ্ম সম্পাদক হুমায়ন কবির, ঢাকা ইয়ুথ ক্লাব ইন্টারন্যাশনালের সাধারণ সম্পাদক সোহাগ মহাজন, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সহসম্পাদক মো. সেলিম, সুবন্ধন সামাজিক সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হাবিব, পুরান ঢাকা মঞ্চর যুগ্ম সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরামের সমন্বয়ক মো. ইমনার হোসেন, স্বপ্নের সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক উম্মে সালমা বক্তব্য দেন।

মানববন্ধনে দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে শুধু কদমতলী ও শ্যামপুর এলাকায় ৪২টি ডাইং কারখানা আছে। ম্যাচ ফ্যাক্টরি ও মুন্সিখোলা পর্যন্ত এলাকায় আছে ছোট-বড় ৭০ থেকে ৮০টি কারখানা। এ ছাড়া ওই এলাকায় আছে ছোট-বড় ১০০টির মতো রোলিং মিল, কাচ ও মেলামিন তৈরির কারখানা।